• ঢাকা
  • সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ এএম


বিশ্বকাপে গোলদৌড়ে এগিয়ে মেসি, পিছু ছাড়ছেন না এমবাপ্পে ও হল্যান্ড

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৩ জুন ২০২৬ ১০:৪৩ পিএম

বিশ্বকাপের এবারের আসরের গ্রুপপর্বের খেলা এখনো শেষ হয়নি। প্রতিটি দল এখন পর্যন্ত দুটি করে ম্যাচ খেলেছে এবং সামনে রয়েছে আরও একটি করে ম্যাচ। তবে এরই মধ্যে জমে উঠেছে গোল্ডেন বুটের লড়াই। গোলের প্রতিযোগিতায় এগিয়ে থাকলেও আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে এবং নরওয়ের তারকা স্ট্রাইকার আরলিং হল্যান্ড।

আর্জেন্টিনা, ফ্রান্স ও নরওয়ে ইতোমধ্যে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ জায়গা নিশ্চিত করেছে। ফলে নকআউট পর্বে আরও ম্যাচ খেলার সুযোগ পাওয়ায় মেসি, এমবাপ্পে ও হল্যান্ডের গোলসংখ্যা বাড়ার সম্ভাবনাও রয়েছে।

বিশ্বকাপ ২০২৬-এ এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি। দুই ম্যাচে পাঁচ গোল করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করার পর অস্ট্রিয়ার বিপক্ষে করেছেন জোড়া গোল। সব মিলিয়ে বিশ্বকাপের ইতিহাসে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে রেকর্ড ১৮-তে।

তবে মেসির খুব বেশি দূরে নেই কিলিয়ান এমবাপ্পে। ফরাসি এই তারকা ইতোমধ্যে বিশ্বকাপে ১৬ গোল করে সবাইকে মুগ্ধ করছেন। এটি তার তৃতীয় বিশ্বকাপ। মাত্র তিনটি বিশ্বকাপ খেলেই তিনি ছয়টি বিশ্বকাপ খেলা মেসির রেকর্ডের কাছাকাছি পৌঁছে গেছেন। একই সঙ্গে তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার গোলসংখ্যাও স্পর্শ করেছেন।

মেসির মতো এমবাপ্পের কাছেও এবারের বিশ্বকাপ বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ টানা তৃতীয়বারের মতো ফ্রান্সকে ফাইনালে তোলার সুবর্ণ সুযোগ রয়েছে তার সামনে। অন্যদিকে, মেসির জন্য এটি ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হওয়ায় আসরটি তার জন্য আরও বেশি তাৎপর্যপূর্ণ।

গোলের লড়াইয়ে পিছিয়ে নেই নরওয়ের আরলিং হল্যান্ডও। সেনেগালের বিপক্ষে দুটি গোল করেছেন তিনি। এর আগে ইরাকের বিপক্ষেও জোড়া গোল করেছিলেন ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার। জাতীয় দলের হয়ে মাত্র ৫২ ম্যাচে ৫৯ গোল করার কৃতিত্বও গড়েছেন হল্যান্ড।

এদিকে ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া গোল করে আলোচনায় উঠে এসেছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেনও। গ্রুপপর্ব শেষ হওয়ার আগেই বিশ্বকাপের গোল্ডেন বুটের প্রতিযোগিতা তাই আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।