• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩৩ পিএম


রংপুরের তারাগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, গ্রেপ্তার যুবক

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৩ জুন ২০২৬ ৯:৫৮ পিএম

রংপুরের তারাগঞ্জ উপজেলায় ৯ বছর বয়সী শিশু ও মাদরাসার শিক্ষার্থী সানজিদা খাতুনকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মুজাহিদ ইসলাম (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এ ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার বিকেলে তারাগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক এ তথ্য জানান।

পুলিশ জানায়, গত ১৯ জুন বিকেলে আলমপুর ইউনিয়নের ভীমপুর কোরআনিপাড়া এলাকায় বাড়ির পাশে অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলার সময় নিখোঁজ হয় সানজিদা। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

পরদিন সকালে বাড়ির অদূরে একটি পাটক্ষেতের পাশে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে এবং বিভিন্ন আলামত ও তথ্য-প্রমাণ বিশ্লেষণের মাধ্যমে মুজাহিদ ইসলামকে গ্রেপ্তার করে।

পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য ও আলামতের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, শিশুটিকে অশ্লীল ভিডিও দেখিয়ে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। তবে ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়ি থেকে মুজাহিদ ইসলামকে আটক করা হয়। তিনি ভীমপুর কোরআনিপাড়া এলাকার সেকেন্দার আলীর ছেলে।

নিহত সানজিদা স্থানীয় একটি মাদরাসার কিন্ডারগার্টেন শাখার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তার মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

/এএসএফ