• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২২ এএম


বাসের জানালা দিয়ে মাথা বের করতেই মর্মা/ন্তিক মৃ/ত্যু কলেজছাত্রীর

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৩ জুন ২০২৬ ৬:১৮ পিএম

চট্টগ্রামের লোহাগাড়ায় চলন্ত বাসের জানালা দিয়ে মাথা বের করায় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সুমাইয়া জান্নাত (১৯) নামে এক কলেজছাত্রী।

মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি বাজারসংলগ্ন পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমাইয়া জান্নাত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি সরলিয়া বাজার এলাকার বাসিন্দা মাওলানা আরিফুর রহমানের মেয়ে। তিনি চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কক্সবাজারমুখী ইম্পেরিয়াল পরিবহণের একটি বাস এবং চট্টগ্রামমুখী পূরবী পরিবহণের একটি বাস একই সময়ে একে অপরকে অতিক্রম করছিল। এ সময় পূরবী পরিবহণের বাসে থাকা সুমাইয়া জানালা দিয়ে মাথা বের করলে বিপরীত দিক থেকে আসা ইম্পেরিয়াল পরিবহণের বাসের সঙ্গে তার মাথার ধাক্কা লাগে।

দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন এবং প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে লোহাগাড়া ট্রমা সেন্টারে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সাইমুন সিরাজ তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের নানা মনসুর আলম জানান, সুমাইয়ার বাবার চাকরির কারণে পরিবারের সদস্যরা কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকায় বসবাস করেন। মঙ্গলবার সকালে মালুমঘাট থেকে চট্টগ্রামে কলেজে যাওয়ার পথে চুনতি এলাকায় এ দুর্ঘটনার শিকার হন তিনি।

দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুস সাত্তার জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি আটক করা হয়েছে। মরদেহ বর্তমানে লোহাগাড়া ট্রমা সেন্টারে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/এসএন