ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে আমির হোসেন নামে এক মাদরাসা শিক্ষককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সোমবার (২২ জুন) উপজেলার কালামৃধা ইউনিয়নের ভরিলহাট নেছারিয়া দাখিল মাদরাসায় এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অভিযুক্ত আমির হোসেন ওই মাদরাসার সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার মাদরাসা ছুটির পর উপহার দেওয়ার প্রলোভন দেখিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীকে যৌন হয়রানি করা হয় বলে অভিযোগ ওঠে। পরে শিক্ষার্থী বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানালে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্বজন ও স্থানীয়রা।
সোমবার সকালে শিক্ষার্থীর অভিভাবক ও এলাকাবাসী মাদরাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষকের বিচার দাবি করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা তাকে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখে।
খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অভিযুক্ত শিক্ষককে হেফাজতে নেয় পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ জনতাকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরে অভিযুক্ত শিক্ষককে হেফাজতে নেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দোষী প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
/এএসএফ