গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে নিজের ছেলেকে ত্যাগ করার ঘোষণা দিয়েছেন আব্দুল ওহাব শেখ (৬৫) নামের এক ব্যক্তি।
সোমবার (২২ জুন) রাতে উপজেলার গওহরডাঙ্গা চৌড়ঙ্গি এলাকার রাজীব ফার্নিচার নামের একটি দোকানের অফিস কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
আব্দুল ওহাব শেখ উপজেলার পাটগাতী ইউনিয়নের গওহরডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি জানান, তার ছেলে সজীব শেখের ছাত্রলীগে কোনো পদ-পদবি না থাকলেও সঙ্গদোষে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল ওহাব শেখ বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তার বড় ছেলে টুঙ্গিপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে তার ছোট ছেলে সজীব শেখ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছে বলে তিনি জানতে পেরেছেন, যদিও তার কোনো সাংগঠনিক পদ-পদবি নেই।
তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি জানতে পারেন যে সজীব ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত। এরপর তাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করা হলেও সে এ বিষয়ে কোনো পরিবর্তন আনতে রাজি হয়নি।
এ পরিস্থিতিতে পরিবারের পক্ষ থেকে সজীব শেখকে ত্যাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান আব্দুল ওহাব শেখ। তিনি বলেন, “তাই আমরা স্বপরিবারে ছেলে সজীব শেখকে ত্যাগ করলাম। এখন থেকে সজীবের কোনো কার্যক্রমে আমাদের দ্বায়ভার থাকবে না, তার দায়িত্ব সম্পূর্ণ নিজের।”
সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
/এসএন