• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ এএম


মায়ের হাত ধরে হাঁটছিল ৮ বছরের শিশু, পিছলে ড্রেনে পড়ে প্রাণ গেল

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২২ জুন ২০২৬ ৬:৪৫ পিএম

কুমিল্লা নগরীতে মায়ের হাত থেকে পিছলে ড্রেনে পড়ে স্মৃতি আক্তার (৮) নামে এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মায়ের সঙ্গে মামার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসে এমন করুণ পরিণতির শিকার হয় সে।রোববার দিবাগত রাত ১০টার দিকে নগরীর ছোটরা এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার।

নিহত স্মৃতি আক্তার জেলার লাকসাম উপজেলার বেতিহাটি গ্রামের মো. বিল্লাল হোসেনের মেয়ে। সে নগরীর বদরপুর আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে মায়ের সঙ্গে মামার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে নগরীর ছোটরা মফিজাবাদ কলোনিতে আসে স্মৃতি। অনুষ্ঠান শেষে গভীর রাতে মা কোহিনুর আক্তারের সঙ্গে বাসায় ফিরছিল সে।

রাস্তায় জলাবদ্ধতার কারণে কোনো রিকশা না পেয়ে ফুটপাত ধরে হেঁটে যাচ্ছিলেন মা ও মেয়ে।একপর্যায়ে হঠাৎ মায়ের হাত থেকে পিছলে পাশের ড্রেনে পড়ে যায় স্মৃতি। পরে স্থানীয়দের সহায়তায় তল্লাশি চালিয়ে প্রায় ৩০ থেকে ৪০ ফুট দূরে ড্রেনের ভেতর থেকে ২০ মিনিট পর শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়।স্থানীয়রা জানান, ছোটরা এলাকার ড্রেনের ওপরের অধিকাংশ স্ল্যাব দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় রয়েছে। রাতের অন্ধকারে প্রায়ই পথচারীরা এসব স্থানে দুর্ঘটনার শিকার হন।

বিশেষ করে বৃষ্টির সময় ড্রেনের গর্ত বা ম্যানহোলগুলো দেখা যায় না, ফলে ঝুঁকি আরও বেড়ে যায়।নগরীর ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে এসেছি। শিশুর লাশ উদ্ধার করেছি। এটা অত্যন্ত বেদনাদায়ক। ড্রেনের উপরের স্ল্যাবগুলো অতি দ্রুত মেরামত করা দরকার।”

সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, “স্মৃতির বাবা-মায়ের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দিয়েছি। ওই এলাকার ড্রেনের ওপরের স্ল্যাবগুলো অতি দ্রুত মেরামত করা হবে।”কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।

/বিএসএস