• ঢাকা
  • বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ এএম


লেবাননে ই/স/রা/য়ে/লের হাম/লার পর হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২০ জুন ২০২৬ ১১:৩৬ পিএম

দক্ষিণ লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক সামরিক হামলার পর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির কেন্দ্রীয় সামরিক কমান্ড খাতাম আল-আম্বিয়া সদর দপ্তর এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

শনিবার (২০ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত সমঝোতার পর ইসরায়েলের সামরিক পদক্ষেপ ওই চুক্তির শর্ত লঙ্ঘন করেছে। এর প্রতিক্রিয়া হিসেবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এটি ইরানের পক্ষ থেকে নেওয়া প্রাথমিক পদক্ষেপ। যদি ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত থাকে, তাহলে পরিস্থিতি মোকাবিলায় আরও পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি প্রতিপক্ষকে তাদের দেওয়া অঙ্গীকার মেনে চলতে বাধ্য করার চেষ্টা করা হবে বলেও জানানো হয়েছে।

হরমুজ প্রণালি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর একটি। প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাসবাহী জাহাজ এ পথ ব্যবহার করে বিভিন্ন দেশে যাতায়াত করে। ফলে এই নৌপথ বন্ধ হয়ে গেলে আন্তর্জাতিক জ্বালানি বাজার এবং বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হতে পারে।

তবে ইরানের এই ঘোষণার পর আন্তর্জাতিক মহল থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে বলে জানা গেছে।

/এসএন