জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে এলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করা উচিত বলে আবারও মন্তব্য করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিউইয়র্কে বৈঠকের পর সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানাকে সম্মান করার আহ্বান জানান।মামদানি বলেন, আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ থাকা উচিত নয় এবং আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা উচিত। তিনি নেতানিয়াহুকে নিজের ভাষায় ‘যুদ্ধাপরাধী’ এবং ফিলিস্তিনি জনগণের ওপর ভয়াবহ গণহত্যার ‘স্থপতি’ হিসেবে বর্ণনা করেন। এসব অভিযোগ ইসরায়েল প্রত্যাখ্যান করে আসছে।তবে মামদানি এর আগে স্বীকার করেছেন, নিউইয়র্ক সিটি প্রশাসনের এককভাবে নেতানিয়াহুকে গ্রেপ্তার করার আইনগত ক্ষমতা নেই। জুলাইয়ে তার প্রশাসনের আইনি পর্যালোচনায়ও একই সিদ্ধান্ত আসে। এরপর তিনি আইসিসির পরোয়ানা কার্যকরের জন্য ফেডারেল সরকারের ভূমিকার কথা বলেন।এদিকে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন মঙ্গলবার নিউইয়র্কে শুরু হয়েছে। নেতানিয়াহু বৃহস্পতিবার অধিবেশনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। তার সফরকে কেন্দ্র করে নিউইয়র্কে বিক্ষোভের প্রস্তুতি থাকলেও মামদানি জানিয়েছেন, তিনি নিজে কোনো বিক্ষোভে অংশ নেবেন না। মেয়র হিসেবে তার অগ্রাধিকার থাকবে নগরীর নিরাপত্তা ও স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করা।আইসিসি ২০২৪ সালের নভেম্বরে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। আদালত তার বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ‘যুক্তিসঙ্গত ভিত্তি’ থাকার কথা জানিয়েছিল। ইসরায়েল এসব অভিযোগ অস্বীকার করেছে।
/বিএসএস