• ঢাকা
  • শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৪ এএম


ঢাকাসহ ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ১ নম্বর সংকেত জারি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১২ মে ২০২৬ ৮:২৯ পিএম

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে মঙ্গলবার দিবাগত রাত ১টার মধ্যে কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, এসব এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) বিকেলে আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছার সই করা অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, রাত ১টার মধ্যে রংপুর, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা এবং কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর আজ সকাল ৯টা থেকে পরবর্তী পাঁচ দিন বা ১২০ ঘণ্টার সিনপটিক অবস্থা ও বৃষ্টিপাতের পূর্বাভাসও প্রকাশ করেছে।

পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর শ্রীলঙ্কা উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার আশপাশের এলাকায় অবস্থান করছে।

এই আবহাওয়াগত পরিস্থিতির প্রভাবে আজ রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় কোথাও কোথাও বিদ্যুৎ চমকানোর ঘটনাও ঘটতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

/এইচটি