• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১২:০৩ এএম


কর দিতে হবে না যেসব মোটরসাইকেলে

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১২ মে ২০২৬ ৪:৪৮ পিএম

আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মোটরসাইকেলের ওপর নতুন করে অগ্রিম আয়কর (এআইটি) আরোপের পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রস্তাবিত এই কাঠামো অনুযায়ী, মোটরসাইকেলের সিসিভেদে বছরে দুই হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত কর আরোপ করা হতে পারে। তবে ১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেলকে এই করের আওতার বাইরে রাখার চিন্তা করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন কাঠামো অনুযায়ী ১১১ থেকে ১২৫ সিসির মোটরসাইকেলের জন্য বছরে ২ হাজার টাকা অগ্রিম আয়কর নির্ধারণের প্রস্তাব রয়েছে। এছাড়া ১২৬ থেকে ১৬৫ সিসি পর্যন্ত মোটরসাইকেলের ক্ষেত্রে ৫ হাজার টাকা এবং ১৬৫ সিসির বেশি ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেলের জন্য ১০ হাজার টাকা অগ্রিম আয়কর নির্ধারণ নিয়ে আলোচনা চলছে।
বর্তমানে দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা ৪৮ লাখ ৭০ হাজার ৭৮০। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সর্বশেষ তথ্য অনুযায়ী এই সংখ্যা জানা গেলেও সংস্থাটির কাছে সিসিভিত্তিক নির্দিষ্ট কোনো পরিসংখ্যান নেই।
তবে ১১০ সিসি বা এর নিচের মোটরসাইকেলের সংখ্যা প্রায় ১০ লাখ ধরে হিসাব করলে করযোগ্য মোটরসাইকেলের সংখ্যা দাঁড়ায় প্রায় ৩৮ লাখ। গড়ে প্রতিটি মোটরসাইকেল থেকে ৪ হাজার টাকা করে কর আদায় করা সম্ভব হলে সরকারের কোষাগারে বছরে প্রায় ১ হাজার ৫২০ কোটি টাকা যোগ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বর্তমানে মোটরসাইকেল মালিকদের আলাদাভাবে অগ্রিম আয়কর দিতে হয় না। তারা এককালীন নিবন্ধন ফি এবং নির্দিষ্ট সময় পরপর রোড ট্যাক্স পরিশোধ করে থাকেন।
বিদ্যমান নিয়ম অনুযায়ী, ৫০ থেকে ১২৫ সিসির মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ফি ৯ হাজার ২৯১ টাকা। এছাড়া দুই বছর পরপর চার কিস্তিতে মোট ৪ হাজার ৬০০ টাকা রোড ট্যাক্স দিতে হয়। অন্যদিকে, ১২৫ সিসির বেশি মোটরসাইকেলের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি ১১ হাজার ৭৬৪ টাকা এবং চার কিস্তিতে মোট ৯ হাজার ২০০ টাকা রোড ট্যাক্স পরিশোধ করতে হয়।
আয়কর আইন অনুযায়ী, ব্যাটারিচালিত রিকশা ও মোটরসাইকেল মালিকরা তাদের আয়কর রিটার্নের সঙ্গে অগ্রিম কর সমন্বয় করতে পারবেন। তবে এনবিআরের এই প্রস্তাব এখনো চূড়ান্ত হয়নি। আসন্ন বাজেট ঘোষণার সময় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

/এইচটি