হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নামেই কেবল আন্তর্জাতিক, কিন্তু এর ভেতরের বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা দেখলে যে কারও এটিকে মাছের বাজার বলে মনে হতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
শুক্রবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমে আন্তর্জাতিক ইসলামী বইমেলা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সাদিক কায়েম বলেন, ভারতসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের বিমানবন্দরে পৌঁছানোর পর প্রায় ১০ মিনিটের মধ্যেই যাত্রীরা তাদের লাগেজ বুঝে পান। অথচ বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরে দুই, তিন এমনকি চার ঘণ্টা অপেক্ষা করার পরও অনেক যাত্রী তাদের লাগেজ খুঁজে পান না।
তিনি বলেন, শুধু লাগেজ পেতে বিলম্বই নয়, অনেক সময় লাগেজের ভেতর থেকে মালামাল চুরি যাওয়ার অভিযোগও রয়েছে। এর পাশাপাশি বিভিন্নভাবে যাত্রীদের হয়রানির শিকার হতে হয় বলেও মন্তব্য করেন তিনি।
বিমানবন্দরে যাত্রী হয়রানির প্রতিবাদ করায় সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মো. আখতারুজ্জামান এবং জামায়াতের সাবেক সংসদ সদস্যদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের ঘটনাতেও কড়া সমালোচনা করেন ডাকসু ভিপি।
সাদিক কায়েম বলেন, ‘আমরা আশা করেছিলাম রাষ্ট্র এ ধরনের চরম অব্যবস্থাপনার সাথে জড়িত দায়িত্বশীল কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু তা না করে যারা ভুক্তভোগী ও হয়রানির শিকার হয়ে প্রতিবাদ করেছিলেন, উল্টো তাদের বিরুদ্ধেই মামলা দেওয়া হয়েছে এবং সর্বশেষ মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে।’
তিনি আরও বলেন, বিমানবন্দরের এমন অব্যবস্থাপনা ও যাত্রী হয়রানির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে যাত্রীদের অভিযোগ ও ভোগান্তির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানান তিনি।
ডাকসু ভিপি অবিলম্বে বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ এবং সংশ্লিষ্টদের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহার করে মেজর (অব.) আখতারুজ্জামানকে মুক্তি দেওয়ারও দাবি জানান তিনি।
/এসএন