• ঢাকা
  • শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:১৬ এএম


বিমানবন্দরে হয়’রানির প্রতি’বাদ করায় আক্তারুজ্জামান গ্রে’প্তার, নিঃশর্ত মুক্তির দাবি জামায়াতের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২ অক্টোবর ২০২৬ ১০:৪২ পিএম

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। একই সঙ্গে তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে দলটি।

শুক্রবার (২ সেপ্টেম্বর) রাতে দেওয়া এক বিবৃতিতে জামায়াতে ইসলামী এ নিন্দা ও প্রতিবাদ জানায় এবং আক্তারুজ্জামানের নিঃশর্ত মুক্তির দাবি করে।

বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামান বৃহস্পতিবার (১ অক্টোবর) পবিত্র ওমরা পালন শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে দেশে ফেরেন। বিমানবন্দরে পৌঁছানোর পর অন্যান্য যাত্রীর মতো তিনিও বিভিন্ন ধরনের হয়রানি ও ভোগান্তির শিকার হন। এর প্রতিবাদে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের কাছে যাত্রী হয়রানি বন্ধের দাবি জানান।

মিয়া গোলাম পরওয়ার বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি ও লাগেজ নিয়ে অসদাচরণের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। পুলিশও জানিয়েছে, ঘটনার সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য এবং অন্যান্য আলামত সংগ্রহ করে তদন্ত করা হবে।

তিনি বলেন, অথচ তদন্ত শুরু হওয়ার আগেই গতকাল রাতে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামানের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে মামলা করা হয়েছে এবং সেই মামলায় আজ সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তিনি আক্তারুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়ের ও গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

জামায়াতের এই নেতা আরও বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরেই বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা ও হয়রানির অভিযোগ রয়েছে। যাত্রীদের অপ্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ, দীর্ঘ সময় অপেক্ষায় রাখা, অসম্মানজনক আচরণ, লাগেজ নিয়ে হয়রানি এবং লাগেজ থেকে মূল্যবান সামগ্রী হারিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।

এ ছাড়া প্রয়োজনীয় তথ্যের ঘাটতি, এক কাউন্টার থেকে অন্য কাউন্টারে ঘোরানো এবং নারী, অসুস্থ ও বয়স্ক যাত্রীদের অতিরিক্ত ভোগান্তির বিষয়েও যাত্রীদের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

মিয়া গোলাম পরওয়ার বলেন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামানসহ যেসব যাত্রী এ ধরনের ভোগান্তির শিকার হয়েছেন, সেসব ঘটনার নিরপেক্ষ তদন্ত করতে হবে। একই সঙ্গে যাত্রী হয়রানি ও অব্যবস্থাপনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

বিবৃতিতে তিনি বলেন, ‘অবিলম্বে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামানকে নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য আমি সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।’

একই সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ, সেবার মান নিশ্চিত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি প্রতিষ্ঠারও দাবি জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

/এসএন