ছবি: সংগৃহীত
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।
রোববার (২৬ এপ্রিল) আবহাওয়াবিদ ওমর ফারুক স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়েছে, সকাল ৯টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চল ও আশপাশের এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হয়ে তা স্থায়ী হতে পারে। এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
এই অতিবৃষ্টির কারণে সংশ্লিষ্ট এলাকাগুলোতে সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
এদিকে পানি উন্নয়ন বোর্ড বন্যার আশঙ্কার কথা জানিয়েছে। বিশেষ করে হাওর অঞ্চলে বন্যার পানি ঢোকার আগেই দ্রুত ধান কেটে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।