সংগৃহীত ছবি
দেশের দুই বিভাগে আগামী চার দিনে ভারী থেকে অতিভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (২৫ এপ্রিল) জারি করা এক সতর্কবার্তায় সংস্থাটি জানায়, দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হতে পারে এবং তা কিছুদিন স্থায়ী হতে পারে। এর প্রভাবে শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪–৮৮ মিলিমিটার) থেকে অতিভারী (১৮৮ মিলিমিটার পর্যন্ত) বৃষ্টিপাত হতে পারে।
এতে বলা হয়েছে, ভারী বৃষ্টির কারণে ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।
এদিকে বেসরকারি আবহাওয়া গবেষণা সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে, দেশের দিকে একটি শক্তিশালী প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টিবলয় অগ্রসর হচ্ছে। এর প্রভাবে দেশের প্রায় ৭০ থেকে ৯০ শতাংশ এলাকায় কমবেশি বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এটি চলতি বছরের পঞ্চম বৃষ্টিবলয়।
সংস্থাটি জানায়, সিলেট বিভাগে এই বৃষ্টিবলয়ের প্রভাব সবচেয়ে বেশি থাকবে। ময়মনসিংহ, রংপুর, ঢাকা বিভাগ এবং চট্টগ্রামের উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায়ও উল্লেখযোগ্য বৃষ্টিপাত হতে পারে। বরিশাল ও খুলনা বিভাগে মাঝারি এবং রাজশাহী বিভাগের কিছু এলাকায় কম প্রভাব দেখা যেতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, ২৬ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলে এই বৃষ্টিবলয়ের প্রভাব থাকবে। এর মধ্যে ২৮ এপ্রিল থেকে ২ মে এবং ৪ ও ৬ মে পর্যন্ত সময় সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে।
এই সময়ে সিলেট ও ময়মনসিংহ বিভাগের নিচু ও বন্যাপ্রবণ এলাকায় আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হতে পারে। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ জেলার কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে।
এছাড়া ভারতের আসাম ও মেঘালয় অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে উজান থেকে পাহাড়ি ঢল নামতে পারে। এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের নদ-নদী ও হাওরের পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে।
বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার বিভিন্ন স্থানে টানা বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।