বেসরকারি আবহাওয়া গবেষণা সংস্থা Bangladesh Weather Observation Team জানিয়েছে, দেশের দিকে একটি শক্তিশালী ও প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টিবলয় ‘ঝুমুল’ ধেয়ে আসছে, যা দেশের আবহাওয়ায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
শুক্রবার (২৪ এপ্রিল) সংস্থাটির এক ফেসবুক পোস্টে জানানো হয়, এই বৃষ্টিবলয়ের প্রভাবে দেশের প্রায় ৭০ থেকে ৯০ শতাংশ এলাকায় কমবেশি বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এটি চলতি বছরের পঞ্চম বৃষ্টিবলয়।
সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, সিলেট বিভাগে এই বৃষ্টিবলয় সবচেয়ে বেশি সক্রিয় থাকবে। এছাড়া ময়মনসিংহ, রংপুর, ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় এর প্রভাব তুলনামূলক বেশি হতে পারে। বরিশাল ও খুলনা বিভাগের অনেক এলাকায় মাঝারি এবং রাজশাহী বিভাগের কিছু এলাকায় কম সক্রিয়তা দেখা যেতে পারে।
২৬ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলে এই বৃষ্টিবলয়ের প্রভাব থাকবে। তবে ২৫ এপ্রিল থেকেই উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে কালবৈশাখী ও বজ্রবৃষ্টি হতে পারে। সবচেয়ে বেশি সক্রিয় সময় ধরা হচ্ছে ২৮ এপ্রিল থেকে ২ মে এবং ৪ ও ৬ মে পর্যন্ত।
এ সময় সিলেট ও ময়মনসিংহ বিভাগের নিচু ও বন্যাপ্রবণ এলাকায় আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হতে পারে। বিশেষ করে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ জেলার কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে।
এছাড়া ভারতের আসাম ও মেঘালয় অঞ্চলে ভারি বৃষ্টিপাতের কারণে উজান থেকে পাহাড়ি ঢল নামতে পারে, যার প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের নদ-নদী ও হাওড় এলাকায় পানি দ্রুত বাড়তে পারে।
বিশেষজ্ঞরা জানান, টানা বৃষ্টিপাতের ফলে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার বিভিন্ন স্থানে দীর্ঘস্থায়ী বর্ষণ হতে পারে।