• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০১:৩৬ পিএম


৯৯৯-এ ফোন করে উদ্ধার হলো জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটক!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২০ জুলাই ২০২৬ ৮:১২ পিএম

হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটককে উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলসংলগ্ন হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটককে যৌথ অভিযানে নিরাপদে উদ্ধার করা হয়েছে। পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা স্থানীয় লোকজনের সহযোগিতায় সোমবার (২০ জুলাই) বিকেলে এ উদ্ধার অভিযান পরিচালনা করেন।

মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সোমবার সকালে ঢাকা থেকে ১০ সদস্যের একটি পর্যটক দল হামহাম জলপ্রপাত ভ্রমণে যায়। তারা সবাই ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী। জলপ্রপাতে যাওয়ার পথে দলের এক সদস্য পা পিছলে পড়ে হাতে আঘাত পান।

দুর্গম পাহাড়ি পথ এবং আহত সহযাত্রীকে নিয়ে ফিরে আসা সম্ভব না হওয়ায় তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চান। খবর পেয়ে বিকেল ৩টার দিকে কমলগঞ্জ থানা পুলিশ বিষয়টি জানতে পারে।

পরে কমলগঞ্জ থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা স্থানীয়দের সঙ্গে নিয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় এক ঘণ্টা ৪৫ মিনিটের অভিযানের পর বিকেল ৪টা ৪৫ মিনিটে আটকে পড়া ১০ পর্যটককে নিরাপদে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর আহত শিক্ষার্থীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য ৯ জন পর্যটক সুস্থ রয়েছেন।

/এএসএফ