• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পিএম


আগামী ২৪-৪৮ ঘণ্টায় পাঁচ জেলায় আকস্মিক বন্যার শ/ঙ্কা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২০ জুলাই ২০২৬ ৪:৫৪ পিএম

সারা দেশে চলমান ভারি বৃষ্টিপাতের কারণে বিভিন্ন নদ-নদীর পানি বাড়ছে। এমন পরিস্থিতিতে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলায় নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, এসব জেলার কয়েকটি নদীর পানি আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বিপৎসীমা অতিক্রম করে প্রবাহিত হতে পারে। এর ফলে নদী-সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদের পানি স্থিতিশীল ছিল। তবে আগামী তিন দিনের মধ্যে এসব নদীর পানি বাড়তে পারে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে কয়েকটি স্থানে নদীর পানি বিপৎসীমা ছাড়িয়ে যেতে পারে।

এ অবস্থায় লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও আকস্মিক বা স্বল্পমেয়াদি বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, উত্তর-পূর্বাঞ্চলের পরিস্থিতি নিয়েও সতর্কবার্তা দিয়েছে কেন্দ্র। গত ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়েছে, আর কুশিয়ারা নদীর পানি স্থিতিশীল রয়েছে। তবে আগামী তিন দিনের মধ্যে এই দুই নদীর পানিও বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

এর ফলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সুরমা ও কুশিয়ারা নদীর কয়েকটি স্থানে পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে সিলেট ও সুনামগঞ্জ জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তবে যেসব এলাকায় ইতোমধ্যে বন্যা পরিস্থিতি রয়েছে, সেখানে পরিস্থিতি আপাতত স্থিতিশীল থাকতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

/এসএন