• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ১২:৩১ এএম


বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমার

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩০ জুলাই ২০২৬ ৫:০৫ পিএম

বাংলাদেশে আশ্রয় নেওয়া তিন লাখ রোহিঙ্গাকে নিজ দেশে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমার। একই সঙ্গে মালয়েশিয়ায় অবস্থানরত আরও পাঁচ হাজার রোহিঙ্গাকেও গ্রহণে দেশটি রাজি হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

বুধবার নেগেরি সেম্বিলান অঙ্গরাজ্যের চেন্নাহ শহরে আয়োজিত এক জনসভায় তিনি এ তথ্য জানান।

আনোয়ার ইব্রাহিম বলেন, দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার নাগরিকরা দেশটিতে অবস্থানরত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু এতদিন মিয়ানমার তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে সম্মত না হওয়ায় বিষয়টি বাস্তবায়ন সম্ভব হয়নি। তবে সাম্প্রতিক কূটনৈতিক আলোচনার পর মিয়ানমার মালয়েশিয়া থেকে পাঁচ হাজার এবং বাংলাদেশ থেকে তিন লাখ রোহিঙ্গাকে গ্রহণে সম্মতি দিয়েছে।

তিনি আরও বলেন, কূটনৈতিক আলোচনার মাধ্যমেই এ অগ্রগতি সম্ভব হয়েছে। এ ধরনের জটিল আন্তর্জাতিক ইস্যু সমাধানে সতর্ক ও কার্যকর কূটনীতির গুরুত্ব রয়েছে বলেও উল্লেখ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

২০১৭ সালের আগস্টে রাখাইন রাজ্যে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মা (আরসা)-র হামলার পর মিয়ানমারের সামরিক অভিযানের মুখে লাখো রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। নির্যাতন, হত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগের ঘটনায় প্রাণ বাঁচাতে তারা সীমান্ত অতিক্রম করে কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে আশ্রয় নেয়।

বর্তমানে কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবিরে ১৫ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে। অন্যদিকে, জাতিসংঘের তথ্য অনুযায়ী মালয়েশিয়ায় প্রায় এক লাখ ২৬ হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়েছে।

জনসভায় মালয়েশিয়ায় অবস্থানরত শরণার্থীদের উদ্দেশে আনোয়ার ইব্রাহিম দেশটির আইন মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, অনুমোদিত শরণার্থী শিবির বা নির্ধারিত এলাকার বাইরে অবস্থান গ্রহণযোগ্য নয়। কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও সতর্ক করেন তিনি।

/এসএন