• ঢাকা
  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:২০ এএম


ঢাকাসহ ছয় জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্ক সংকেত

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২০ আগস্ট ২০২৬ ৯:১৯ এএম

দেশের ছয় জেলায় আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সিলেট, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ কারণে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পৃথক পূর্বাভাসে রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকাতেও আজ দুপুর ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এ সময় রাজধানীর কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ সময়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

/এসএন