বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীতে আকস্মিক বৈরী আবহাওয়া ও দমকা হাওয়ার কবলে পড়ে বনায়ন কাজে যাওয়া একটি নামবিহীন ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ট্রলারে থাকা সবাই সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও জাহাঙ্গীর হোসেন নবাব (৪৫) নামে এক শ্রমিক নিখোঁজ রয়েছেন।
বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলার বলেশ্বর নদীর মাছেরখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পাথরঘাটা ফায়ার সার্ভিস, স্থানীয় বন বিভাগের কর্মী, নিখোঁজের স্বজন ও স্থানীয়দের সমন্বয়ে কয়েকটি দলে ভাগ হয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ জাহাঙ্গীর হোসেন নবাব পাথরঘাটা সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাদুরতলা গ্রামের বাসিন্দা। তিনি মৃত ছাহেদ হাওলাদারের ছেলে। পেশায় কৃষক হলেও বন বিভাগের বনায়ন কার্যক্রমে দিনমজুর হিসেবে নিয়মিত কাজ করতেন।
ট্রলারের মাঝি ইব্রাহীম জানান, বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পদ্মা বাজার এলাকার একটি খাল থেকে মাঝেরচর এলাকায় কেওড়া ও অন্যান্য উপকূলীয় গাছের চারা রোপণের উদ্দেশ্যে কয়েকজন শ্রমিক ট্রলারে করে যাচ্ছিলেন। পথিমধ্যে হঠাৎ বৈরী আবহাওয়া ও প্রবল দমকা হাওয়ায় নদীতে তীব্র ঢেউয়ের সৃষ্টি হলে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
তিনি আরও জানান, ট্রলারডুবির পর সবাই নদীতে পড়ে যান এবং সেখানে থাকা গোপ জালের খুঁটি ধরে ভেসে থাকার চেষ্টা করেন। এ সময় একবার জাহাঙ্গীরকে দেখা গেলেও পরে ঢেউয়ের মধ্যে তিনি নিখোঁজ হয়ে যান। পরে পাশ দিয়ে যাওয়া আরেকটি ট্রলার অন্য সবাইকে উদ্ধার করলেও জাহাঙ্গীরকে উদ্ধার করা সম্ভব হয়নি।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, স্থানীয় জেলে এবং স্বেচ্ছাসেবীরা কয়েকটি দলে বিভক্ত হয়ে নদীতে উদ্ধার অভিযান শুরু করেন। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ শ্রমিকের কোনো সন্ধান মেলেনি।
পাথরঘাটা বন কর্মকর্তা বদিউজ্জামান সোহাগ জানান, ঘটনা জানার সঙ্গে সঙ্গেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কোস্টগার্ডকে বিষয়টি অবহিত করা হয়েছে। এরপর তিনি বন বিভাগের একটি দল নিয়ে ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ শ্রমিককে খুঁজে বের করার কার্যক্রম শুরু করেন।
তিনি বলেন, জাহাঙ্গীর সদর ইউনিয়নের চরলাঠিমারা এলাকায় বন বিভাগের কর্মীদের সঙ্গে নিয়মিত কাজ করতেন এবং তিনি অত্যন্ত সহজ-সরল একজন মানুষ ছিলেন। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি সাঁতারে খুব বেশি পারদর্শী ছিলেন না।
এ ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ও শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। নিখোঁজ শ্রমিককে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
/এসএন