বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:
পালং শাক সাধারণত পুষ্টিকর সবজি হিসেবেই পরিচিত। তবে এই সাধারণ পাতাই ভবিষ্যতে হৃদরোগের চিকিৎসায় বড় ভূমিকা রাখতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
যুক্তরাষ্ট্রের ওরচেস্টার পলিটেকনিক ইনস্টিটিউটের একদল গবেষক পালং শাকের পাতা ব্যবহার করে পরীক্ষাগারে মানুষের হৃদপিণ্ডের টিস্যু তৈরিতে সফল হয়েছেন।
গবেষণায় বিজ্ঞানীরা প্রথমে বিশেষ এক প্রক্রিয়ায় পালং পাতার ভেতরের সবুজ উদ্ভিদ কোষগুলো সরিয়ে ফেলেন। এতে পাতার কেবল স্বচ্ছ সেলুলোজ কাঠামো এবং সূক্ষ্ম শিরা-উপশিরা অবশিষ্ট থাকে।
এরপর সেই কাঠামোর ওপর মানুষের হৃদপিণ্ডের পেশীর কোষ স্থাপন করা হয়।
কয়েকদিনের মধ্যেই কোষগুলো পাতার শিরার সঙ্গে যুক্ত হয়ে বৃদ্ধি পেতে শুরু করে। একপর্যায়ে সেগুলো আসল হৃদপিণ্ডের টিস্যুর মতো স্পন্দিত হতেও দেখা যায়।
গবেষকদের মতে, পালং পাতার সূক্ষ্ম শিরার জালের সঙ্গে মানুষের রক্তনালীর গঠনের বিস্ময়কর মিল রয়েছে। এ কারণে এটি মানুষের টিস্যুতে অক্সিজেন ও পুষ্টি পৌঁছে দিতে সহায়ক হতে পারে।
বিজ্ঞানীরা আশা করছেন, ভবিষ্যতে এই প্রযুক্তি ব্যবহার করে হার্ট অ্যাটাকে ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের জন্য বিশেষ ‘হার্ট প্যাচ’ তৈরি করা সম্ভব হবে।
তবে গবেষণাটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। মানুষের শরীরে সরাসরি ব্যবহারের আগে আরও বহু ক্লিনিক্যাল ট্রায়াল ও গবেষণার প্রয়োজন হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
/এএসএফ