• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৫:৫৮ এএম


নতুন ক্লাব পেলেন বিশ্বকাপে আলো ছড়ানো ভোজিনিয়া

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৫ জুলাই ২০২৬ ১১:১০ এএম

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আলোচনায় উঠে আসা কেপ ভার্দের গোলরক্ষক জোসিমার দিয়াস, যিনি ‘ভোজিনিয়া’ নামে বেশি পরিচিত, এবার যোগ দিলেন চিলির ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব কোলো কোলোতে।আফ্রিকার পশ্চিম উপকূলের দ্বীপরাষ্ট্র কেপ ভার্দের এই ৪০ বছর বয়সী গোলরক্ষক ২০২৬ বিশ্বকাপে একের পর এক দুর্দান্ত সেভ করে ফুটবলপ্রেমীদের নজর কাড়েন। বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও সাবেক বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মতো শক্তিশালী দলের বিপক্ষেও অসাধারণ নৈপুণ্য দেখিয়ে তিনি টুর্নামেন্টের অন্যতম আলোচিত ফুটবলার হয়ে ওঠেন। উল্লেখযোগ্য বিষয় হলো, বিশ্বকাপ চলাকালীন সময়েও কোনো ক্লাবের সঙ্গে তার চুক্তি ছিল না।শুক্রবার (২৪ জুলাই) নিজেদের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে ভোজিনিয়াকে স্বাগত জানিয়ে কোলো কোলো লিখেছে, ‘স্বাগতম! আমরা তোমার অপেক্ষায় আছি।’স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, চিলির সবচেয়ে বড় ফুটবল ক্লাবটির সঙ্গে ১৮ মাসের চুক্তি করেছেন ভোজিনিয়া।তার নেতৃত্বে কেপ ভার্দে এবারের বিশ্বকাপে রূপকথার মতো এক যাত্রা উপহার দেয়। তবে শেষ পর্যন্ত রাউন্ড অব ৩২-এ লিওনেল মেসির আর্জেন্টিনার কাছে অতিরিক্ত সময়ে ৩-২ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় দলটিকে।মাঠের পারফরম্যান্সের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও রীতিমতো আলোড়ন তুলেছেন এই অভিজ্ঞ গোলরক্ষক। বিশ্বকাপ শুরুর আগে বিভিন্ন প্ল্যাটফর্মে তার অনুসারীর সংখ্যা ছিল ৫০ হাজারেরও কম। কিন্তু বিশ্বকাপ চলাকালীন ও পরবর্তী সময়ে সেই সংখ্যা লাফিয়ে বেড়ে প্রায় ২ কোটি ৯০ লাখ (২৯ মিলিয়ন)-এ পৌঁছেছে।

/বিএসএস