• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ১১:৩০ এএম


ক্লাব ফুটবলে বড় পরিবর্তন আনতে যাচ্ছে ফিফা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩০ এপ্রিল ২০২৬ ৮:৩৪ পিএম

বিশ্ব ফুটবলের কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে ফিফা। ক্লাব ফুটবলে তরুণ খেলোয়াড়দের আরও বেশি সুযোগ নিশ্চিত করতে নতুন এক নিয়ম চালুর প্রস্তাব দিয়েছে সংস্থাটি, যা কার্যকর হলে ম্যাচের কৌশল ও দল গঠনের ধরনেই আসতে পারে বড় পরিবর্তন।প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, প্রতিটি পেশাদার ক্লাবকে ম্যাচের পুরো ৯০ মিনিটে অন্তত একজন অনূর্ধ্ব-২০ বা অনূর্ধ্ব-২১ ‘হোমগ্রোন’ (নিজেদের একাডেমিতে বেড়ে ওঠা) ফুটবলার মাঠে রাখতে হবে। অর্থাৎ, শুধু স্কোয়াডে রাখাই নয়, তাকে পুরো ম্যাচ খেলানোও বাধ্যতামূলক হতে পারে।ফিফা কাউন্সিলের সাম্প্রতিক এক বৈঠকে এ বিষয়ে প্রাথমিকভাবে ঐকমত্যে পৌঁছানো হয়েছে বলে জানা গেছে। বর্তমানে উয়েফা চ্যাম্পিয়নস লিগসহ বিভিন্ন প্রতিযোগিতায় স্থানীয় বা হোমগ্রোন খেলোয়াড় রাখার নিয়ম থাকলেও তাদের মাঠে নামানো বাধ্যতামূলক নয়। নতুন প্রস্তাব কার্যকর হলে সেই সীমা ছাড়িয়ে ক্লাবগুলোকে তরুণ খেলোয়াড় ব্যবহার করতেই হবে।এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ইউরোপের শীর্ষ ক্লাবগুলো যেমন রিয়াল মাদ্রিদ বা লিভারপুলকে তাদের দল গঠনের কৌশলে বড় পরিবর্তন আনতে হবে। অন্যদিকে বার্সেলোনা বা পিএসজির মতো শক্তিশালী একাডেমি থাকা ক্লাবগুলো তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থানে থাকবে, কারণ তাদের যুব দল থেকেই প্রতিভাবান খেলোয়াড় উঠে আসে নিয়মিত।ফিফার মতে, এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে একাডেমি থেকে উঠে আসা তরুণ ফুটবলারদের জন্য নিয়মিত ম্যাচ খেলার সুযোগ তৈরি করা এবং বিশ্ব ফুটবলে নতুন প্রতিভার বিকাশ ত্বরান্বিত করা।তবে প্রস্তাবটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়াও রয়েছে। বিশেষ করে ‘হোমগ্রোন’ খেলোয়াড়ের আন্তর্জাতিকভাবে একক সংজ্ঞা নির্ধারণ করাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন অনেকে। ভিন্ন দেশে প্রশিক্ষণ ও একাডেমির মানদণ্ড ভিন্ন হওয়ায় এই নিয়ম বাস্তবায়নে জটিলতা তৈরি হতে পারে।ফিফা জানিয়েছে, আগামী এক বছরের মধ্যে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা শেষে এই পরিকল্পনার চূড়ান্ত রূপরেখা প্রকাশ করা হবে।