• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পিএম


আর কিছুক্ষণের মাঝেই শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে নানা চমক

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১১ জুন ২০২৬ ১০:৫৫ পিএম

ফুটবলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর। মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠবে প্রায় দেড় মাসব্যাপী এই বৈশ্বিক ক্রীড়া উৎসবের। উদ্বোধনী আয়োজন শেষে মাঠে গড়াবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম ম্যাচ।

বিশ্বকাপ ২০২৬ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। ইতিহাসের সবচেয়ে বড় এই টুর্নামেন্টে তিন দেশেই পৃথক উদ্বোধনী অনুষ্ঠান থাকলেও প্রথম ম্যাচ অনুষ্ঠিত হওয়ায় আনুষ্ঠানিক সূচনা হবে মেক্সিকো থেকেই।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১১টায় মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। এরপর রাত ১টায় মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। ২০১০ সালের বিশ্বকাপের ধারা অনুসরণ করে ম্যাচ শুরুর ৯০ মিনিট আগে শুরু হবে এই উদ্বোধনী আয়োজন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানে মেক্সিকোর আদিবাসী সংস্কৃতি, লোকজ ঐতিহ্য এবং ঐতিহ্যবাহী ‘পাপেল পিকাদো’ শিল্পের নান্দনিক উপস্থাপনা থাকবে। একই সঙ্গে বিশ্বখ্যাত সংগীতশিল্পীদের পরিবেশনাও উপভোগ করবেন দর্শকরা।

মেক্সিকোর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন শাকিরা, বার্না বয়, জে বালভিন, মানা, বেলিন্ডা, ড্যানি ওশান ও লিলা ডাউনস।

অন্যদিকে বিশ্বকাপের সহ-আয়োজক কানাডাও নিজস্ব উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে। টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই আয়োজনে পারফর্ম করবেন নোরা ফাতেহি, মাইকেল বুবলে, জেসি রেয়েজ, অ্যালানিস মরিসেত্তে, অ্যালেসিয়া কারা এবং বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়সহ আরও কয়েকজন শিল্পী।

যুক্তরাষ্ট্রের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেসে। প্রযুক্তিনির্ভর ভিজ্যুয়াল উপস্থাপনা ও আলো-ঝলমলে মঞ্চসজ্জার এই আয়োজনে অংশ নেবেন কেটি পেরি, ফিউচার, আনিতা, ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা, রেমা এবং টাইলা।

বাংলাদেশের দর্শকরা বিটিভিতে সরাসরি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ দেখতে পারবেন। এছাড়া সময় টেলিভিশন ও টি-স্পোর্টসেও বিশ্বকাপের খেলা সম্প্রচার করা হবে। ডিজিটাল প্ল্যাটফর্মে টফি, মাই রবি এবং বায়োস্কোপের মাধ্যমেও ম্যাচগুলো উপভোগ করা যাবে।

/এসএন