• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পিএম


বিশ্বকাপ ঘিরে ‘অস্থায়ী জেল’ বানাচ্ছে যুক্তরাষ্ট্র

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১১ জুন ২০২৬ ৮:১৩ পিএম

আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের কানসাস শহরে একটি অস্থায়ী আটক কেন্দ্র বা কারাগার নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। স্থানীয়ভাবে এটি ইতোমধ্যে ‘বিশ্বকাপ জেল’ নামে পরিচিতি পেয়েছে।

স্থানীয় প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী, বিশ্বকাপ চলাকালে বিপুলসংখ্যক দর্শনার্থীর আগমন এবং সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলার জন্য ১০০ আসনবিশিষ্ট একটি মডুলার আটক কেন্দ্র স্থাপন করা হবে। পর্যটন সংস্থার হিসাব বলছে, টুর্নামেন্ট উপলক্ষে প্রায় ৬ লাখ ৫০ হাজার দর্শনার্থী কানসাস শহরে আসতে পারেন।

বিশ্বকাপের ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে অ্যারোহেড স্টেডিয়ামে। এসব ম্যাচের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি গ্রুপ পর্বের খেলা এবং নকআউট পর্বের ম্যাচও রয়েছে। সম্ভাব্য সূচি অনুযায়ী আর্জেন্টিনা, ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের মতো দলও কানসাস সিটিকে তাদের কার্যক্রমের কেন্দ্র হিসেবে ব্যবহার করতে পারে।

স্থানীয় নীতিনির্ধারকদের মতে, বিশ্বকাপের মতো বড় আন্তর্জাতিক ক্রীড়া আসরে ছোটখাটো অপরাধ, জনশৃঙ্খলা ভঙ্গ, মদ্যপ অবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি কিংবা পৌর আইন লঙ্ঘনের ঘটনা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকে। এমন পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত আটক সুবিধার প্রয়োজনীয়তা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সহকারী সিটি ম্যানেজার জেফ মার্টিন জানিয়েছেন, বিশ্বকাপ শুরুর আগেই কেন্দ্রটি চালুর পরিকল্পনা থাকলেও প্রকল্পের কাজ নির্ধারিত সময়সূচি অনুযায়ী এগোয়নি। অন্যদিকে কাউন্সিলম্যান ওয়েস রজার্স বলেন, বিশ্বকাপের মতো বড় ক্রীড়া আয়োজনে বিপুল জনসমাগমের চাপ বিবেচনায় এ ধরনের একটি ব্যবস্থা প্রয়োজন হতে পারে।

তবে এই পরিকল্পনাকে ঘিরে বিতর্কও তৈরি হয়েছে। কিছু অধিকারকর্মী ও অভিবাসনবিষয়ক সংগঠন আশঙ্কা প্রকাশ করেছে যে, ভবিষ্যতে এই কেন্দ্র ব্যবহার করে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) আটক কার্যক্রম আরও বিস্তৃত করতে পারে।

যদিও সিটি কর্তৃপক্ষ এসব আশঙ্কা নাকচ করে দিয়েছে। তাদের দাবি, অস্থায়ী এই আটক কেন্দ্র শুধুমাত্র ছোটখাটো অপরাধ বা পৌর আইন লঙ্ঘনের ঘটনায় আটক ব্যক্তিদের জন্য ব্যবহার করা হবে। গুরুতর অপরাধে অভিযুক্তদের এখানে রাখার কোনো পরিকল্পনা নেই।

কর্তৃপক্ষের ভাষ্য, বিশ্বকাপের মতো বৈশ্বিক আয়োজন নিরাপদ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় অবকাঠামোগত প্রস্তুতির অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

/এসএন