• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০২:৫২ এএম


বিশ্বকাপ জিতলে তিন সপ্তাহ দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল, ভক্তদের দেবেন ১০০ হেডফোন উপহার

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৮ জুন ২০২৬ ৬:৫০ পিএম

স্পেনের তরুণ ফুটবল তারকা লামিন ইয়ামাল এখনও বিশ্বকাপে অভিষেকের অপেক্ষায়। তবে টুর্নামেন্ট শুরুর আগেই ভক্তদের জন্য একটি ব্যতিক্রমী প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। স্পেন যদি বিশ্বকাপ শিরোপা জিততে পারে, তাহলে টানা তিন সপ্তাহ দাড়ি-গোঁফ কাটবেন না বলে জানিয়েছেন এই উদীয়মান ফুটবলার। একই সঙ্গে উদ্‌যাপনের অংশ হিসেবে ১০০টি বিটস হেডফোন উপহার দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।

নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে ১৮ বছর বয়সী ইয়ামাল এ প্রতিশ্রুতির কথা জানান। বার্সেলোনার এই উইঙ্গারের জন্য আসন্ন বিশ্বকাপই হতে যাচ্ছে ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ আসর।

বড় টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে তিনি ২০২৪ সালের ইউরো জয়ের স্মৃতি তুলে ধরেন। ইয়ামাল বলেন, বড় কোনো টুর্নামেন্টের প্রথম ম্যাচে চাপ ও স্নায়ুচাপ অনুভব করা খুবই স্বাভাবিক বিষয়। তবে তিনি শিখেছেন, শুরুটা প্রত্যাশামতো না হলেও ধৈর্য ধরে এগিয়ে যেতে হয় এবং নিজের খেলায় মনোযোগ ধরে রাখতে হয়। কারণ একটি বড় টুর্নামেন্ট দীর্ঘ সময়ের লড়াই।

ব্যালন ডি’অর নিয়ে নিজের অনুভূতির কথাও জানান স্প্যানিশ এই তারকা। তিনি স্বীকার করেন, একসময় তার মনে হয়েছিল মর্যাদাপূর্ণ এই পুরস্কারটি হয়তো তার হাতেও উঠতে পারে। কিন্তু পরে তিনি উপলব্ধি করেন, তখনও তিনি সেই পর্যায়ের পরিণত ছিলেন না এবং পুরস্কারটির গুরুত্ব পুরোপুরি বুঝে উঠতে পারেননি। তাই উসমান দেম্বেলের জয়কে তিনি ইতিবাচকভাবেই দেখেছেন।

দেম্বেলের সঙ্গে নিজের সম্পর্কের বিষয়েও কথা বলেন ইয়ামাল। তার ভাষ্য, ফরাসি এই ফুটবলার নিয়মিত তাকে পরামর্শ দিয়েছেন এবং কঠিন সময়ে মানসিকভাবে পাশে থেকেছেন। ব্যক্তিগত ও পেশাদার জীবনে উন্নতির ক্ষেত্রে দেম্বেলের অবদান গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে সোমবার পেরুর বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে স্পেনের। এরপর মূল আসরে গ্রুপ এইচে উরুগুয়ে, সৌদি আরব ও কেপ ভার্দের বিপক্ষে খেলবে স্প্যানিশরা।

/এসএন