• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:২৮ পিএম


জুয়ার বিজ্ঞাপনে ছবি ব্যবহারে ক্ষুব্ধ এমবাপ্পে, চাপে ফরাসি ফুটবল ফেডারেশন

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৭ জুন ২০২৬ ৯:১২ পিএম

২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি চলাকালেই নতুন এক বিতর্কে জড়িয়েছে ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ)। ফুটবলারদের অনুমতি বা সম্মতি ছাড়াই একটি অনলাইন বেটিং প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে তাদের ছবি ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফরাসি জাতীয় দলের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেসহ দলের বেশ কয়েকজন তারকা ফুটবলার অসন্তোষ প্রকাশ করেছেন।

রোববার (৭ জুন) ফ্রান্সের জনপ্রিয় ক্রীড়া দৈনিক লেকিপ-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত মঙ্গলবার আইভরি কোস্টের বিপক্ষে অনুষ্ঠিত প্রীতি ম্যাচের আগে অনলাইন বেটিং প্রতিষ্ঠান বেটক্লিক একটি বিজ্ঞাপন প্রকাশ করে। ওই বিজ্ঞাপনে জাতীয় দলের পাঁচ ফুটবলারের ছবি ব্যবহার করা হয়। তারা হলেন কিলিয়ান এমবাপ্পে, রায়ান চেরকি, মাইকেল অলিসে, উসমান দেম্বেলে এবং দেজিরে দুয়ে।

ফরাসি সংবাদমাধ্যমগুলোর দাবি, সংশ্লিষ্ট ফটোশুটের সময় খেলোয়াড়দের জানানো হয়নি যে তাদের ছবি পরবর্তীতে জুয়া প্রতিষ্ঠানের প্রচারণায় ব্যবহার করা হবে। বিষয়টি প্রকাশ্যে আসার পর সবচেয়ে বেশি আপত্তি জানিয়েছেন দলের অধিনায়ক এমবাপ্পে এবং তরুণ ফরোয়ার্ড রায়ান চেরকি।

চিত্রস্বত্ব বা ইমেজ রাইটস নিয়ে ফরাসি ফুটবল ফেডারেশনের সঙ্গে এমবাপ্পের বিরোধ অবশ্য নতুন নয়। ২০২২ সালেও একই ধরনের একটি ইস্যুতে তিনি ফেডারেশনের সঙ্গে মতবিরোধে জড়িয়েছিলেন। পরে ২০২৩ সালে খেলোয়াড়দের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমে এফএফএফ নতুন একটি চুক্তিতে পৌঁছায়।

বর্তমান ঘটনাকে সেই চুক্তির শর্ত লঙ্ঘনের সম্ভাব্য উদাহরণ হিসেবে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে।

জুয়া ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্যের প্রচারণার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অবস্থান নিয়ে আসছেন এমবাপ্পে। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমরা জুয়া এবং অস্বাস্থ্যকর খাবারের ব্র্যান্ডগুলোর প্রচারণার বিপক্ষে। আমরা যে এলাকায় বড় হয়েছি, সেখানে এই জুয়া অনেকের জীবন ধ্বংস করে দিয়েছে। আমি নিজে এমন ভুক্তভোগীদের চিনি।’

এমবাপ্পের আইনজীবী ডেলফাইন ভেরহেইডেনও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে, জুয়া প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের সঙ্গে ফুটবলারদের সম্পৃক্ততা তরুণদের কাছে তাদের ইতিবাচক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

তবে ফরাসি ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিদ্যমান চুক্তির বিধান অনুসারেই অন্তত পাঁচজন খেলোয়াড়কে নিয়ে বিজ্ঞাপনটি তৈরি করা হয়েছে।

যদিও সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, চুক্তি অনুযায়ী প্রতি মৌসুমে দলের অধিনায়ক এবং ফেডারেশন সভাপতির মধ্যে সম্ভাব্য নৈতিক দ্বন্দ্ব বা সংবেদনশীল বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও এবার সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।

এই ঘটনাকে কেন্দ্র করে ফ্রান্সের ফুটবল অঙ্গনে নতুন করে চিত্রস্বত্ব, নৈতিকতা এবং বাণিজ্যিক প্রচারণায় খেলোয়াড়দের ব্যবহারের বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

/এসএন