সবকিছু ঠিক থাকলে আগামী ১১ জুন, বৃহস্পতিবার থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। ফিফার এই মর্যাদাপূর্ণ আসরকে সামনে রেখে ইতোমধ্যে অংশগ্রহণকারী ৪৮টি দল তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে।
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে অসলোর একটি সমুদ্রসৈকতে অফিসিয়াল ফটোশুটে অংশ নিয়ে বিতর্কে জড়িয়েছে নরওয়ে জাতীয় ফুটবল দল।
ফটোশুটে দলটির খেলোয়াড়রা পশুর চামড়া দিয়ে তৈরি ঐতিহ্যবাহী ‘ভাইকিং’ পোশাক পরেছিলেন। কিন্তু সেই আয়োজনই দেশটিতে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। অনেকের মতে, এই পোশাক ও উপস্থাপনাই নরওয়ের মানুষকে দুই ভাগে বিভক্ত করে দিয়েছে।
এ নিয়ে দেশটির একটি সংবাদপত্রে কঠোর সমালোচনা করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ‘ভাইকিং’ পোশাকে ফটোশুট করা উগ্র জাতীয়তাবাদের বহিঃপ্রকাশ। এমনকি নরওয়ে দলের আচরণকে ‘নিও নর্থস’ গোত্রীয় বলেও উল্লেখ করা হয়েছে।
শুধু সংবাদমাধ্যম নয়, দেশটির গবেষক জেন হং স্কোলদিনও এই ফটোশুটের সমালোচনা করেছেন। তাঁর মতে, আর্লিং হালান্ডদের এই কর্মকাণ্ড ‘উগ্র পুরুষত্ব প্রদর্শনের’ উদাহরণ। তিনি এটিকে ডানপন্থী মানসিকতার প্রতিফলন বলেও মন্তব্য করেছেন।
ফটোশুট ঘিরে বিতর্ক এতটাই বেড়েছে যে, নরওয়ের প্রধান কোচ স্টেল সোলবাকেনকেও সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। তবে তিনি বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করতে অনাগ্রহ প্রকাশ করেন।
সোলবাকেন বলেন, ‘ফটোশুট নিয়ে কথা বলে আমি আমার সময় নষ্ট করতে চাই না।’
১৯৯৮ সালের পর এই প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে নরওয়েকে। মাঝের ছয়টি বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হলেও এবার সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরে ফিরছে আর্লিং হালান্ড ও মার্টিন ওডেগার্ডদের দল।