ফিফা বিশ্বকাপের অফিসিয়াল থিম সং আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। কলম্বিয়ান পপ তারকা শাকিরা ও নাইজেরিয়ান সংগীতশিল্পী বুর্না বয়ের কণ্ঠে গাওয়া ‘দাই দাই’ শিরোনামের গানটি শুক্রবার (১৫ মে) বড় বড় স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পায়।
এর আগে সপ্তাহখানেক আগে ১ মিনিট ৭ সেকেন্ডের একটি টিজারে গানটির ঝলক দেখিয়েছিলেন শাকিরা। ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে ধারণ করা সেই টিজার প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে তৈরি হয় ব্যাপক আগ্রহ।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা গানটি প্রকাশের ঘোষণা দিয়ে জানিয়েছে, এই থিম সং থেকে অর্জিত রয়্যালটি ‘গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’-এ জমা হবে। টুর্নামেন্ট শেষে এই খাত থেকে ১০ কোটি ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে সংস্থাটি। এই অর্থ বিশ্বের বিভিন্ন দেশের শিশুদের মানসম্মত শিক্ষা ও ফুটবলে অংশগ্রহণের সুযোগ তৈরিতে ব্যয় করা হবে।
ফুটবল বিশ্বকাপ এবং শাকিরার সম্পর্ক যেন বহুদিনের। ২০১০ সালের বিশ্বকাপে ‘ওয়াকা ওয়াকা’ এবং ২০১৪ সালের আসরে ‘লা লা লা’ গেয়ে বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিলেন তিনি। এরপর দুই আসর বিরতির পর আবারও বিশ্বকাপের অফিসিয়াল থিম সংয়ে ফিরলেন এই জনপ্রিয় শিল্পী।
এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। ইতিহাসের সবচেয়ে বড় এই আসর শুরু হবে আগামী ১১ জুন এবং চলবে ১৯ জুলাই পর্যন্ত।
ফিফা আরও জানিয়েছে, নিউ জার্সিতে অনুষ্ঠিতব্য ফাইনাল ম্যাচের হাফটাইম শোতে ম্যাডোনা, শাকিরা এবং কোরিয়ান পপ ব্যান্ড বিটিএস পারফর্ম করবেন। এর আগে ভক্ত-সমর্থকদের উচ্ছ্বাসে ভাসাবে ৩ মিনিট ৪৫ সেকেন্ড দৈর্ঘ্যের নতুন থিম সং ‘দাই দাই’।
/এসএন