• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পিএম


বিশ্বকাপের আগে দুর্দান্ত ছন্দে মেসি, জয় পেল ইন্টার মিয়ামি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৮ মে ২০২৬ ২:০২ পিএম

বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। ঠিক এমন সময়েই দুর্দান্ত ছন্দে ফিরেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। আগের ম্যাচে জোড়া গোল করার পর এবারও গোল ও অ্যাসিস্ট— দুই ক্ষেত্রেই অবদান রাখলেন তিনি। তার অসাধারণ নৈপুণ্যে পোর্টল্যান্ড টিম্বার্সকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মিয়ামি।

এই জয়ের ফলে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে উঠে এসেছে মেসির দল।

বিশ্বকাপে মেসি খেলবেন কি না, তা নিয়ে এখনও পুরোপুরি ধোঁয়াশা কাটেনি। কারণ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তিনি নিজে। তবে ইন্টার মিয়ামি ও আর্জেন্টিনা দলে তার সতীর্থ রদ্রিগো দে পল জানিয়েছেন, বিশ্বকাপকে সামনে রেখে মেসির সঙ্গে বিশেষ প্রস্তুতি নিচ্ছেন তিনি।

মেসির বর্তমান ফর্মে সেই প্রস্তুতির ইতিবাচক প্রভাবও স্পষ্ট দেখা যাচ্ছে। বিশ্বকাপের আগে মেজর লিগ সকারের শেষ দিকের ম্যাচগুলোতে দুর্দান্ত খেলছেন তিনি।

আগের ম্যাচে তিনবার জালে বল পাঠালেও একটি গোল আত্মঘাতী হিসেবে গণ্য হওয়ায় তার নামে যোগ হয় জোড়া গোল। তবে এসব হিসাব-নিকাশে খুব একটা মাথা ঘামান না মেসি। তার মূল লক্ষ্য দলকে জেতানো, আর সেটাই করে চলেছেন নিয়মিত।

এই ম্যাচে ইন্টার মিয়ামির আরও একটি অর্জন রয়েছে। নিজেদের মাঠ নু স্টেডিয়ামে প্রথমবারের মতো জয় পেয়েছে দলটি। একই সঙ্গে ন্যাশভিলকে পেছনে ফেলে কিছু সময়ের জন্য ইস্টার্ন কনফারেন্সের শীর্ষস্থানও দখল করেছে তারা।

ম্যাচের ৩০ মিনিটের কিছু পরে আসে মেসির গোল। লুইস সুয়ারেজকে পাস দিয়ে আক্রমণের সূচনা করেন তিনি। পরে পেনাল্টি স্পটের কাছাকাছি জায়গায় ফিরতি বল পেয়ে প্রথম ছোঁয়াতেই বাঁ পায়ের দুর্দান্ত শটে জালে পাঠান বল।

এরপর ৪২ মিনিটে আসে মিয়ামির দ্বিতীয় গোল। এবার গোলদাতার বদলে সহায়কের ভূমিকায় দেখা যায় মেসিকে।

সুয়ারেজের সঙ্গে ওয়ান-টু খেলে প্রতিপক্ষের কয়েকজন ডিফেন্ডারকে নিজের দিকে টেনে নেন তিনি। এরপর মেক্সিকোর আন্তর্জাতিক ফুটবলার হার্মান বার্তেরামের দিকে বাড়িয়ে দেন বল। সহজ টোকায় বল জালে জড়ান বার্তেরামে।

এই ম্যাচের পর চলতি মৌসুমে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ১২-তে, আর অ্যাসিস্ট ৬টি। বিশেষ করে মে মাসে তার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। এই মাসে চার ম্যাচে তিনি করেছেন ৫ গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৫ গোল।

২০২২ বিশ্বকাপের আগেও এমন দারুণ ফর্মে ছিলেন মেসি। সে সময় বিশ্বকাপের আগে তার গোল ছিল ১২টি এবং পিএসজির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে করিয়েছিলেন ১৪ গোল।

এবারও গোলসংখ্যায় সেই অবস্থানে পৌঁছে গেছেন তিনি। অ্যাসিস্টে কিছুটা পিছিয়ে থাকলেও মাঠের পারফরম্যান্সে পরিষ্কার ইঙ্গিত দিচ্ছেন, আরও একটি বিশ্বকাপের জন্য তিনি নিজেকে ভালোভাবেই প্রস্তুত করছেন।

এখন আর্জেন্টিনা সমর্থকদের একটাই প্রত্যাশা— এই ফর্ম যেন বিশ্বকাপের মঞ্চেও ধরে রাখেন মেসি। সেটি হলে আর্জেন্টিনার জার্সিতে তারকা সংখ্যা চারটিতে উন্নীত হওয়ার সম্ভাবনাও অনেকটাই বেড়ে যাবে।

/এসএন