• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৫:১১ পিএম


প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ পরিকল্পনা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৭ এপ্রিল ২০২৬ ৭:১৫ পিএম

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক জাতীয় সংসদে জানিয়েছেন, দেশের ক্রীড়া খাতের উন্নয়ন ত্বরান্বিত করার পাশাপাশি তৃণমূল পর্যায় থেকে প্রতিভা বিকাশে সরকার নানা সমন্বিত পদক্ষেপ নিয়েছে।
তিনি বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির আওতায় ১২ থেকে ১৪ বছর বয়সী প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হচ্ছে। একই সঙ্গে দেশের সব উপজেলায় ক্রীড়া অফিসার ও ক্রীড়া শিক্ষক নিয়োগসহ ক্রীড়াবান্ধব বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।
সংসদের অধিবেশনে বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সংসদ সদস্য মো. আব্দুল আলীমের তারকা চিহ্নিত লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
তিনি আরও জানান, দেশের প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলা অন্তর্ভুক্ত রয়েছে। জমি অধিগ্রহণ সম্পন্ন হওয়ার পর সেখানে মিনি স্টেডিয়াম নির্মাণের দরপত্র আহ্বান করা হবে।
এ ছাড়া শরণখোলা উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে একই প্রকল্পের প্রস্তাবিত তৃতীয় পর্যায়ে জমি অধিগ্রহণ অন্তর্ভুক্ত করা হয়েছে।