ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বজুড়ে উৎসব, আনন্দ আর মিলনমেলা। ২০২৬ সালের বিশ্বকাপ নিয়েও তেমনই উন্মাদনার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। তবে আসর শুরুর দেড় মাস আগে যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিয়ে সতর্কতা জারি করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ কয়েকটি মানবাধিকার সংগঠন।
তাদের দাবি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি এবং যুক্তরাষ্ট্রে ‘ক্রমবর্ধমান স্বৈরতান্ত্রিক প্রবণতা ও সহিংসতার’ কারণে বিদেশি দর্শনার্থীরা হয়রানির শিকার হতে পারেন। বিশেষ করে দেশটিতে প্রবেশের সময় অযথা জিজ্ঞাসাবাদ, ফোন ও সামাজিক মাধ্যমের ব্যক্তিগত তথ্য তল্লাশি এবং এমনকি আটক রাখার মতো ঘটনাও ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
মানবাধিকার সংগঠনগুলোর মতে, লস অ্যাঞ্জেলস, শিকাগো ও মিনিয়াপোলিসের মতো শহরে এ ধরনের ঘটনার ঝুঁকি তুলনামূলক বেশি। কারণ এসব এলাকায় সাম্প্রতিক সময়ে অভিবাসনবিরোধী অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা, বর্ণবাদী আচরণ ও বিক্ষোভ দমনে সহিংসতার অভিযোগ উঠেছে।
তবে এ উদ্বেগের সঙ্গে একমত নয় ফিফা। সংস্থাটির এক মুখপাত্র জানিয়েছেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সব মানবাধিকারকে সম্মান ও সুরক্ষা দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
উল্লেখ্য, ইতিহাসের সবচেয়ে বড় ফরম্যাটের এই বিশ্বকাপে ৪৮টি দল অংশ নেবে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী ১১ জুন শুরু হবে ২০২৬ বিশ্বকাপ।