• ঢাকা
  • মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পিএম


২০২৭ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ৪টি নতুন বিষয়: শিক্ষামন্ত্রী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৬ অক্টোবর ২০২৬ ৬:৩৯ পিএম

আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে চারটি নতুন বিষয় যুক্ত হতে যাচ্ছে। নতুন বিষয়গুলো হলো—আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা এবং সংস্কৃতি। শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, শুধু লেখাপড়ার মধ্যে শিশু-কিশোরদের সীমাবদ্ধ না রেখে শুরু থেকেই তাদের সৃজনশীলতা, হাতে-কলমে দক্ষতা, খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চার সঙ্গে যুক্ত করা প্রয়োজন। এ লক্ষ্যেই ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে নতুন বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হচ্ছে।

তিনি আরও জানান, ২০২৮ সাল থেকে প্রয়োজনের ভিত্তিতে শিক্ষাক্রমে পরিবর্তন ও পরিমার্জনের উদ্যোগ নেওয়া হবে। শিক্ষার্থীদের চাহিদা এবং সময়ের প্রয়োজন বিবেচনায় নিয়ে ভবিষ্যতে আরও নতুন বই পাঠ্যক্রমে যুক্ত করার বিষয়টিও বিবেচনা করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজারে গ্যাস ও জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার বিষয়টি তুলে ধরেন। এর প্রভাব বাংলাদেশেও পড়েছে বলে জানান তিনি। তবে আশপাশের দেশগুলোর তুলনায় বাংলাদেশে ডিজেলের দাম এখনো কম রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

মাহদী আমিন বলেন, অন্যান্য দেশের তুলনায় বেশি ভর্তুকি দিয়ে সরকার জ্বালানির দাম সহনীয় রাখার চেষ্টা করছে। তার ভাষ্য অনুযায়ী, এটি কোনো একক দেশের সংকট নয়; বরং এটি একটি বৈশ্বিক সংকট। জনগণের ওপর যেন এর চাপ কম পড়ে, সে বিষয়টি বিবেচনায় রেখে সরকার বাস্তবসম্মত উপায়ে পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এবং কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহাদাত হোসাইন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মোহাম্মদ আক্কাস আলী, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. সাখাওয়াত হোসেন খান, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামান, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া এবং কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।

এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

/এসএন