• ঢাকা
  • সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৫২ এএম


দুই দিনে দুই ম্যাচ, বোকায় জোড়া গোল করে আর্জেন্টিনার হয়েও নজর কাড়লেন ফ্লোরেস

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৪ অক্টোবর ২০২৬ ৮:৫৩ পিএম

১৯ বছর বয়সী আর্জেন্টাইন ফুটবলার লিওনেল ফ্লোরেসের জন্য গত দুই দিন কেটেছে প্রায় দম ফেলার সুযোগ ছাড়াই। একদিন বোকা জুনিয়র্সের হয়ে জোড়া গোল করে দলের জয়ের নায়ক হয়েছেন, ২৪ ঘণ্টা না পেরোতেই আবার মাঠে নেমেছেন আর্জেন্টিনার জার্সিতে।শুক্রবার বোকা জুনিয়র্সের হয়ে উনিওনের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে দুই গোল করেন ফ্লোরেস। তাঁর জোড়া গোলেই ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করে বোকা। পরদিনই বুরকিনা ফাসোর বিপক্ষে আর্জেন্টিনার ৭-০ গোলের জয়ে দ্বিতীয়ার্ধে খেলেন তরুণ এই ফরোয়ার্ড।লা বোম্বোনেরায় উনিওনের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নামেন ফ্লোরেস। ম্যাচের শেষ দিকে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে দুটি দারুণ ফিনিশে নিজের দুই গোল পূর্ণ করেন তিনি। বোকা জুনিয়র্সের একাডেমি থেকে উঠে আসা এই তরুণের জন্য সেটি ছিল বিশেষ এক রাত।তবে সেই ম্যাচের পর বিশ্রামের সুযোগ পাননি ফ্লোরেস।বোকা জুনিয়র্সের ম্যাচ শেষ করেই তিনি যোগ দেন আর্জেন্টিনা দলে। বুরকিনা ফাসোর বিপক্ষে মনুমেন্তালে দ্বিতীয়ার্ধের শুরুতে জিয়ানলুকা প্রেস্তিয়ান্নির বদলি হিসেবে তাঁকে মাঠে নামান আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।জাতীয় দলের জার্সিতে ৪৫ মিনিট খেলেন ফ্লোরেস। এটি ছিল আর্জেন্টিনার হয়ে তাঁর দ্বিতীয় ম্যাচ। গোল না পেলেও আক্রমণে নিজের উপস্থিতি জানান দেন তিনি। দুটি ভালো গোলের সুযোগ তৈরি হয়েছিল তাঁর সামনে। পাশাপাশি আক্রমণে বারবার জায়গা তৈরি করার চেষ্টা করেন তরুণ এই ফরোয়ার্ড।ম্যাচ শেষে তরুণ ফুটবলারদের নিয়ে কথা বলতে গিয়ে ফ্লোরেসকেও আলাদাভাবে উল্লেখ করেন স্কালোনি।আর্জেন্টিনা কোচ বলেন, ‘ওকে দেখেশুনে এগিয়ে নিতে হবে। অভিজ্ঞদের দায়িত্ব তরুণদের সাহায্য করা। ওরা নিশ্চিতভাবেই আমাদের আনন্দ দেবে।’ফ্লোরেসের ব্যস্ততা অবশ্য শুধু এই দুই ম্যাচেই সীমাবদ্ধ নয়। এক সপ্তাহেরও কম সময়ে চারটি ম্যাচে অংশ নিয়েছেন তিনি। বুধবার বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার হয়ে অভিষেকের পর দ্রুত বোকা জুনিয়র্সে ফিরে যান। এরপর উনিওনের বিপক্ষে জোড়া গোল করে আবারও যোগ দেন জাতীয় দলে।এত অল্প সময়ে একের পর এক ম্যাচ খেলতে হলেও এতে কোনো আপত্তি নেই ফ্লোরেসের। বরং নিয়মিত মাঠে নামাটাই উপভোগ করছেন তিনি।বুরকিনা ফাসোর বিপক্ষে ম্যাচের পর ফ্লোরেস বলেন, ‘আমার বয়স ১৯। আরও ম্যাচ খেলার শক্তি আছে। আমার ভালোই লাগে। আমি বরং এভাবেই থাকতে চাই।’বোকা জুনিয়র্স ও আর্জেন্টিনা—দুই দলের হয়েই পাওয়া সুযোগ কাজে লাগানোর এই সময়টা উপভোগ করছেন ১৯ বছর বয়সী ফ্লোরেস। ব্যস্ত সূচির মধ্যেও নিজের পারফরম্যান্স দিয়ে ইতিমধ্যেই নজর কেড়েছেন এই তরুণ।

/বিএসএস