দ্বিতীয়বারের মতো কন্যাসন্তানের বাবা হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৯টায় তার পরিবারে এসেছে দ্বিতীয় কন্যাসন্তান।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে দ্বিতীয়বার বাবা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন ডানহাতি এই পেস বোলিং অলরাউন্ডার।
পোস্টে সাইফউদ্দিন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হলাম। মহান আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। নিশ্চয়ই উনি আমার ওপর খুশি আছেন, এজন্য আবারও কন্যাসন্তান দিয়েছেন।’
এর আগে ২০২৪ সালের ১৮ জুন প্রথম কন্যাসন্তানের বাবা হন সাইফউদ্দিন। তারও আগে ২০২৩ সালের মার্চে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই ক্রিকেটার। পরিবারের পছন্দেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিনি। বর্তমানে তার স্ত্রী কাজী ফাতেমা তুজ জারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।
এদিকে চোটের কারণে আপাতত ক্রিকেট মাঠের বাইরে রয়েছেন সাইফউদ্দিন। অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় এশিয়ান গেমসেও অংশ নিতে পারেননি এই অলরাউন্ডার।
মাঠের বাইরে থাকার এই সময়েই দ্বিতীয় সন্তানের বাবা হওয়ার সুখবর পেলেন সাইফউদ্দিন। তার এই আনন্দের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে সতীর্থ, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। নতুন অতিথিকে ঘিরে সাইফউদ্দিনের পরিবারে বইছে আনন্দের হাওয়া।
/এসএন