• ঢাকা
  • রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:০৬ এএম


ভারতকে ৪-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩ অক্টোবর ২০২৬ ১১:১৭ পিএম

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে সিনিয়র পর্যায়ে প্রথমবার মাঠে নেমেই বড় ব্যবধানে হারল ভারত। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক ভারতকে ৪-০ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল। ম্যাচের প্রথমার্ধে এস্তেভাও ও পেদ্রোর গোলে এগিয়ে যায় ব্রাজিল। বিরতির পর স্যামুয়েল লিনোর জোড়া গোলে ব্যবধান আরও বাড়িয়ে জয় নিশ্চিত করে তারা।

শনিবার (৩ অক্টোবর) ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়র, এস্তেভাও ও পেদ্রোর সমন্বয়ে ভারতের রক্ষণভাগে একের পর এক আক্রমণ তৈরি করতে থাকে তারা। ম্যাচের ২৮ মিনিটে ডান দিক থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে বাঁ পায়ের শটে ব্রাজিলকে এগিয়ে দেন এস্তেভাও।

গোল পাওয়ার পরও আক্রমণের গতি কমায়নি ব্রাজিল। ৪২ মিনিটে এস্তেভাওয়ের বাড়ানো দারুণ একটি পাস থেকে গোল করে ব্যবধান ২-০ করেন পেদ্রো। বিরতির আগে আরও কয়েকটি গোলের সুযোগ তৈরি করে ব্রাজিল। এর মধ্যে পেদ্রোর একটি হেড পোস্টে লেগে ফিরে আসে।

দ্বিতীয়ার্ধের শুরুতে দুই দলই একাধিক পরিবর্তন আনে। ব্রাজিলের আক্রমণভাগে নতুন গতি যোগ করেন স্যামুয়েল লিনো, ব্রুনো গিমারেস ও এনদ্রিক। ৫৮ মিনিটে পেদ্রোর কাছ থেকে পাওয়া পাস কাজে লাগিয়ে গোল করেন লিনো। এতে ম্যাচের ব্যবধান দাঁড়ায় ৩-০।

তিন গোলে পিছিয়ে পড়েও ম্যাচে ফেরার চেষ্টা চালিয়ে যায় ভারত। ৫৩ মিনিটে রায়ান উইলিয়ামসের নেওয়া শট আটকে দেন ব্রাজিলের গোলরক্ষক পেদ্রো মরিসকো। এর মাত্র দুই মিনিট পর মানবীর সিংয়ের প্রচেষ্টাও রুখে দেন তিনি।

৬৪ মিনিটে রায়ান উইলিয়ামসের আরেকটি শট গোললাইন থেকে ফিরিয়ে দেন ব্রাজিলের এক ডিফেন্ডার। এরপর পাল্টা আক্রমণে আরও কিছু সুযোগ তৈরির চেষ্টা চালায় স্বাগতিকরা। তবে ৭৪ মিনিটে মানবীর সিংয়ের নেওয়া শট লক্ষ্যভ্রষ্ট হয়।

নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ার পর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন স্যামুয়েল লিনো। তার গোলেই ব্রাজিলের জয় নিশ্চিত হয় ৪-০ ব্যবধানে।

স্কোরলাইন একতরফা হলেও ম্যাচে ভারতের কিছু আক্রমণ নজর কেড়েছে। বিশেষ করে দ্বিতীয়ার্ধে রায়ান উইলিয়ামস ও মানবীর সিংয়ের গতিময় আক্রমণে কয়েকবার চাপে পড়তে দেখা যায় ব্রাজিলের রক্ষণকে।

সিনিয়র পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে এই ম্যাচের মধ্য দিয়েই প্রথমবার মুখোমুখি হয় ভারত ও ব্রাজিল। ম্যাচের আগে ফিফা র‍্যাঙ্কিংয়ে ব্রাজিলের অবস্থান ছিল ষষ্ঠ, আর ভারতের অবস্থান ছিল ১৩৮তম।

দুই দলের এই ঐতিহাসিক লড়াই দেখতে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনের গ্যালারিতে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি ছিল।

/এসএন