• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২৮ এএম


ফাইনালে ট্রাম্প-মামদানি, স্পেন না আর্জেন্টিনা কে কাকে সমর্থন দিচ্ছেন?

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৯ জুলাই ২০২৬ ৯:১২ পিএম

বিশ্বকাপ ফাইনালে একসঙ্গে থাকছেন ট্রাম্প ও নিউইয়র্কের মেয়র, নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা

২০২৬ বিশ্বকাপের ফাইনালে মাঠে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তবে রাজনৈতিকভাবে বিপরীত অবস্থানে থাকা এই দুই নেতার আলাদা কোনো বৈঠকের পরিকল্পনা নেই বলে নিশ্চিত করেছেন মেয়রের মুখপাত্র।

এর আগে গত মাসে এনবিএ ফাইনালেও দুজনকে একই ভেন্যুতে দেখা গিয়েছিল। ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বুলেটপ্রুফ লাক্সারি বক্সে বসে খেলা দেখেন ট্রাম্প। তাঁর উপস্থিতিকে ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়ায় স্টেডিয়ামের বাইরের ওয়াচ পার্টি বাতিল করা হয় এবং দর্শকদের নির্ধারিত সময়ের অনেক আগেই মাঠে প্রবেশ করতে হয়।

অন্যদিকে, জোহরান মামদানি সেদিন সাধারণ দর্শকদের সঙ্গে গ্যালারির ওপরের সারিতে বসে খেলা উপভোগ করেন। এক মাস পর আবারও দুজনকে দেখা যাবে আরও বড় মঞ্চে—বিশ্বকাপের ফাইনালে, যেখানে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো চ্যাম্পিয়ন স্পেন।

গত মাসেই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নিশ্চিত করেন, বিশ্বকাপজয়ী দলের হাতে ট্রফি তুলে দেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইনফান্তিনো বলেন, “আমরা প্রেসিডেন্টের সঙ্গে থাকব, ফাইনাল উপভোগ করব এবং যৌথভাবে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেব।”

তবে টুর্নামেন্ট চলাকালে ফিফা সভাপতি ও ট্রাম্পের সম্পর্ক নিয়ে বিতর্কও তৈরি হয়। যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য ট্রাম্প ব্যক্তিগতভাবে ইনফান্তিনোর সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে জানা যায়। পরে নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় বালোগান বেলজিয়ামের বিপক্ষে খেলতে পারেন। বিষয়টি ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

বিশ্বনেতাদের উপস্থিতির কারণে ফাইনাল ম্যাচটিকে ফেডারেল কর্তৃপক্ষ ‘লেভেল ওয়ান স্পেশাল ইভেন্ট’ হিসেবে ঘোষণা করেছে। ফলে আকাশসীমা নিয়ন্ত্রণ, বিশেষ গোয়েন্দা নজরদারি, বিস্ফোরক শনাক্তকারী কুকুরসহ সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা মোতায়েন থাকবে।

প্রেসিডেন্ট ট্রাম্পকে চলতি বিশ্বকাপে এর আগে গ্যালারিতে দেখা না গেলেও নিউইয়র্কের মেয়র মামদানি শুরু থেকেই মাঠে উপস্থিত ছিলেন। নিজেকে ফুটবলপ্রেমী ও আর্সেনালের সমর্থক দাবি করা এই রাজনীতিক বিশ্বকাপ উপলক্ষে সাধারণ মানুষের জন্য পার্কে ওয়াচ পার্টির আয়োজন, স্বল্পমূল্যের জার্সি বিক্রি এবং সাশ্রয়ী টিকিটের ব্যবস্থা করাসহ নানা উদ্যোগ নিয়েছেন।

ফাইনালে কার সমর্থন কোন দিকে?

ট্রাম্প কিংবা মামদানি—ফাইনালে কে আর্জেন্টিনার আর কে স্পেনের সমর্থক, তা এখনো স্পষ্ট নয়। সম্প্রতি স্পেন নিয়ে ট্রাম্পের সমালোচনার পর তিনি আর্জেন্টিনাকে সমর্থন করছেন কি না—এমন প্রশ্নে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জানান, এ বিষয়ে তাঁর কাছে কোনো তথ্য নেই।

তবে নিউইয়র্কে এক ফিফা অনুষ্ঠানে ট্রাম্প লিওনেল মেসির প্রশংসা করেন এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে উদ্দেশ করে বলেন, “তোমরা কি আবার ইতিহাস পুনরাবৃত্তি করতে প্রস্তুত?”

অন্যদিকে, মেয়র জোহরান মামদানির প্রিয় দল মরক্কো আগেই বিদায় নিয়েছে। ফাইনালে নিজের সমর্থন নিয়ে রসিকতা করে তিনি বলেন, “আমি এবার যার পক্ষ নিয়েছি, সেই হেরেছে। এখন যার নাম বলব, মনে হয় সেই দলটাই হেরে যাবে!”

/এএসএফ