ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন জাতীয় দলকে সমর্থন জানাতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, রানি লেতিসিয়া এবং তাদের দুই কন্যা প্রিন্সেস লিওনর ও প্রিন্সেস সোফিয়া।
স্পেনের রাজপ্রাসাদ বৃহস্পতিবার (১৬ জুলাই) জানিয়েছে, রোববার নিউ জার্সিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ফাইনাল ম্যাচে রাজপরিবারের চার সদস্যই গ্যালারিতে উপস্থিত থাকবেন। শিরোপা নির্ধারণী এই ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেন।
ফাইনালে ওঠার পথে সেমিফাইনালে টেক্সাসের আরলিংটনে ফ্রান্সকে ২-০ গোলে হারায় স্পেন। ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি থেকে দলের হয়ে প্রথম গোল করেন মিকেল ওয়ারজাবাল। দ্বিতীয়ার্ধে পেদ্রো পোরোর করা গোল স্পেনের জয় নিশ্চিত করে এবং দলকে ফাইনালে পৌঁছে দেয়।
ম্যাচ শেষে স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেন, গত প্রায় চার বছরে গড়ে তোলা ধারাবাহিক কৌশল, খেলোয়াড়দের নিবেদন এবং দলগত সমন্বয়ই দলের এই সাফল্যের মূল ভিত্তি।
চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত স্পেন মাত্র একটি গোল হজম করেছে। একই সঙ্গে ছয়টি ম্যাচে কোনো গোল না খেয়ে (ক্লিন শিট) বিশ্বকাপের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে দলটি। এছাড়া সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৭ ম্যাচ অপরাজিত থেকে ইউরোপের কোনো দলের দীর্ঘতম অপরাজিত থাকার রেকর্ডেও ভাগ বসিয়েছে স্পেন।
উল্লেখ্য, গত জুনে গ্রুপ পর্বে উরুগুয়েকে ১-০ গোলে হারানোর ম্যাচও মাঠে বসে উপভোগ করেছিলেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ।
/এসএন