বিশ্বকাপ ফাইনালে স্পেনের মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে ভালোবাসা ও শ্রদ্ধায় ভরা এক বিশেষ বার্তা দিয়েছেন কলম্বিয়ার জনপ্রিয় পপ তারকা শাকিরা। ফুটবলভক্তদের কাছে ফিফা বিশ্বকাপের একাধিক থিম সংয়ের জন্য পরিচিত এই শিল্পী সামাজিক মাধ্যমে মেসির অধ্যবসায়, আত্মত্যাগ ও অনুপ্রেরণাদায়ী যাত্রার ভূয়সী প্রশংসা করেছেন।সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে নাটকীয়ভাবে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
ম্যাচে প্রথমার্ধে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় আলবিসেলেস্তেরা। এনজো ফার্নান্দেজ সমতা ফেরানোর পর অতিরিক্ত সময়ে লাউতারো মার্টিনেজের দুর্দান্ত গোলে জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার।এদিকে টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে গোল্ডেন বুট জয়ের দৌড়ে ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে শীর্ষস্থানে রয়েছেন ৩৯ বছর বয়সী লিওনেল মেসি।এমন সময়েই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেসির একটি ছবি প্রকাশ করে আবেগঘন বার্তা দেন শাকিরা।
তিনি লেখেন, “লিও মেসি যা করে চলেছেন, তা সত্যিই অবিশ্বাস্য ও অসাধারণ। এটি একজন মানুষের কঠোর পরিশ্রম, প্রতিশ্রুতি ও শৃঙ্খলার অনন্য উদাহরণ। তিনি দেখিয়ে দিয়েছেন, বয়স কিংবা অন্যের মন্তব্য দিয়ে কাউকে বিচার করা যায় না। সময়ের সঙ্গে সব প্রতিকূলতাকে জয় করাই আসল।”শুধু মেসির প্রশংসাতেই থেমে থাকেননি শাকিরা।
তিনি মনে করেন, এই দীর্ঘ সাফল্যের যাত্রায় মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর ভূমিকাও কম নয়। আন্তোনেলাকে মেসির সবচেয়ে বড় শক্তির উৎস হিসেবে উল্লেখ করে তিনি লেখেন, “আমি নিশ্চিত, পাশে আন্তোনেলা রোকুজ্জোর মতো একজন নারী থাকার কারণেই মেসি প্রতিবার নতুন করে নিজেকে প্রমাণ করার শক্তি ও অনুপ্রেরণা পান।”
শাকিরার এই আবেগঘন বার্তা আন্তোনেলারও নজর এড়ায়নি। তিনি সামাজিক মাধ্যমে শাকিরাকে ধন্যবাদ জানিয়ে সেই ইনস্টাগ্রাম স্টোরি নিজের প্রোফাইলে রি-শেয়ার করেন। শৈশবের প্রেম থেকে ২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া মেসি ও আন্তোনেলার সংসারে রয়েছে তিন ছেলে সন্তান।
অন্যদিকে সাম্প্রতিক সময়ে রেফারিদের পক্ষপাতিত্ব এবং ফুটবলের নীতিনির্ধারকদের কাছ থেকে বাড়তি সুবিধা পাওয়ার অভিযোগ তুলে যারা আর্জেন্টিনার সমালোচনা করছিলেন, তাদেরও জবাব দিয়েছেন মেসি।ইংল্যান্ডের বিপক্ষে জয় নিশ্চিত করার পর আর্জেন্টাইন অধিনায়ক বলেন, “আমরা গত চার বছর ধরে বিশ্বের সেরা দল হিসেবে খেলছি। এটা আপনার পছন্দ হোক বা না হোক।
/বিএসএস