• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৪১ এএম


ইংল্যান্ডকেই বিশ্বচ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৪ জুলাই ২০২৬ ৯:৩৪ এএম

চলমান ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড। তবে মাঠের লড়াই শুরুর আগেই এই হাইভোল্টেজ ম্যাচ ঘিরে নতুন আলোচনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রতিনিধিরা প্রকাশ্যে ইংল্যান্ডের প্রতি সমর্থনের ইঙ্গিত দিয়েছেন।

বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্র রাউন্ড অব সিক্সটিন থেকেই বিদায় নেয়। এরপর টুর্নামেন্টের শিরোপা কোন দলের হাতে দেখতে চান—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প প্রশাসনের বিশ্বকাপ প্রতিনিধি অ্যান্ড্রু জুলিয়ানি ইংল্যান্ডের পক্ষেই নিজের অবস্থান তুলে ধরেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল-কে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যান্ড্রু জুলিয়ানি বলেন, যুক্তরাষ্ট্র যদি স্বাধীনতার ২৫০তম বর্ষপূর্তিতে বিশ্বকাপ জিততে না-ই পারে, তাহলে সেই ঐতিহাসিক সময়ের মধ্যে ইংল্যান্ডের যুক্তরাষ্ট্রে এসে শিরোপা জেতা একটি দারুণ গল্প হবে।

ইংল্যান্ডের দীর্ঘ ৬০ বছরের বিশ্বকাপ শিরোপা খরা নিয়েও মন্তব্য করেন তিনি। জুলিয়ানি বলেন, বর্তমানে টুর্নামেন্টে টিকে থাকা দলগুলোর মধ্যে ইংল্যান্ড অন্যতম শক্তিশালী এবং দলটির এবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পূর্ণ সামর্থ্য রয়েছে।

সাক্ষাৎকারে তিনি আরও জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নিয়মিত ইংল্যান্ড দলের খোঁজখবর রাখছেন। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে ট্রাম্প ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে ‘দুর্দান্ত খেলোয়াড়’ এবং ‘চমৎকার মানুষ’ বলে উল্লেখ করেছেন।

অ্যান্ড্রু জুলিয়ানির মতে, ট্রাম্পের ফুটবলের প্রতি আগ্রহ বাড়ার পেছনে তার ছোট ছেলে ব্যারন ট্রাম্পেরও ভূমিকা রয়েছে। তিনি জানান, কয়েক বছর আগে সাবেক ইংলিশ তারকা ওয়েইন রুনির সঙ্গে গলফ খেলতে গিয়ে ট্রাম্পের ফুটবল সম্পর্কে ভালো জ্ঞান রয়েছে বলেও তিনি উপলব্ধি করেছিলেন।

ইংল্যান্ড দল সম্পর্কে নিজের মূল্যায়নে জুলিয়ানি বলেন, হ্যারি কেইন ও জুড বেলিংহ্যামের মতো অসাধারণ ফুটবলারদের নিয়ে ইংল্যান্ড একটি ভারসাম্যপূর্ণ দল। তার বিশ্বাস, ইংল্যান্ড যদি এবার বিশ্বচ্যাম্পিয়ন হতে পারে, তাহলে সেই সাফল্যের কেন্দ্রে থাকবেন অধিনায়ক হ্যারি কেইন। একই সঙ্গে তিনি বলেন, দলের কোচকে খেলোয়াড়দের মধ্যে এই বিশ্বাস তৈরি করতে হবে যে, শিরোপা জয়ের মতো সামর্থ্য তাদের রয়েছে।

উল্লেখ্য, চলতি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে ইংল্যান্ড ও আর্জেন্টিনা।

/এসএন