• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:১৮ এএম


সেমিফাইনালের আগে জার্সি বদলের আবেদন আর্জেন্টিনার, অপেক্ষা ফিফার সিদ্ধান্তের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ জুলাই ২০২৬ ৫:০৮ পিএম

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। এবার ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে জার্সি পরিবর্তনের বিষয়ে ফিফার কাছে বিশেষ অনুমতি চেয়েছে আলবিসেলেস্তেরা।

আর্জেন্টিনা তাদের ঐতিহ্যবাহী সাদা-আকাশি ডোরাকাটা হোম জার্সির পরিবর্তে ইংল্যান্ডের বিপক্ষে নীল রঙের অ্যাওয়ে জার্সি পরে মাঠে নামতে আগ্রহী। এ জন্য ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে অনুমতি চাওয়া হয়েছে।

রোববার সন্ধ্যায় আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিষয়টি জানান। তিনি লেখেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে নীল জার্সিতে খেলার জন্য ফিফার কাছে অনুমতি চেয়েছে আর্জেন্টিনা।’

তবে এখনো এ বিষয়ে ফিফা কোনো চূড়ান্ত অনুমোদন দেয়নি। গাস্তন এদুল জানিয়েছেন, মঙ্গলবার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হতে পারে। তার ভাষ্য, ‘মঙ্গলবার এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র একবার নীল অ্যাওয়ে জার্সি পরে খেলেছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে সেই জার্সিতে মাঠে নেমেছিল লিওনেল মেসির দল। ওই ম্যাচে ৩-১ গোলের জয় পেয়েছিল আলবিসেলেস্তেরা।

এখন দেখার বিষয়, সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে নীল জার্সি পরে মাঠে নামার অনুমতি শেষ পর্যন্ত ফিফার কাছ থেকে পায় কি না আর্জেন্টিনা।

/এসএন