• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পিএম


‘ফ্রান্স যদি কাউকে ভয় পায়, তাহলে সেটা স্পেন’—সেমিফাইনালের আগে ইয়ামালের হুঁ’শিয়ারি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১১ জুলাই ২০২৬ ১:১৯ পিএম

বিশ্বকাপের সেমিফাইনালের আগে ফ্রান্সকে স্পষ্ট বার্তা দিয়েছেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। তার দাবি, যদি ফ্রান্স কোনো দলকে ভয় পেয়ে থাকে, তবে সেটি স্পেন। কারণ সাম্প্রতিক দুই গুরুত্বপূর্ণ আসরেই ফরাসিদের হারিয়েছে স্প্যানিশরা।

স্থানীয় সময় আগামী মঙ্গলবার (১৪ জুলাই) যুক্তরাষ্ট্রের টেক্সাসের আর্লিংটনে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স।

কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করে স্পেন। ম্যাচের ৮৮তম মিনিটে জয়সূচক গোল করেন মিকেল মেরিনো। অন্যদিকে, বৃহস্পতিবার মরক্কোকে ২-০ গোলে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নেয় ফ্রান্স।

গত তিন বছরে এটি হবে স্পেন ও ফ্রান্সের তৃতীয় মুখোমুখি লড়াই। এর আগে ২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল এবং ২০২৫ সালের উয়েফা নেশনস লিগে ফ্রান্সকে পরাজিত করেছিল স্পেন।

ক্যালিফোর্নিয়ার ইনগেলউডের সোফাই স্টেডিয়ামে বেলজিয়ামের বিপক্ষে জয় পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে লামিন ইয়ামাল বলেন, “ফ্রান্স যদি কাউকে ভয় পাওয়ার মতো কোনো দল মনে করে, তাহলে সেই দলটি আমরা। আমরা তাদের আগে বিদায় করেছি। আমরা তাদের দুইবার হারিয়েছি। সত্যি বলতে, আমার মনে হয় এই বিশ্বকাপের সেরা দুটি দল আমরা ও ফ্রান্স। এখন দেখা যাক কী হয়, তবে আমাদের কোনো ভয় নেই।”

বিশ্বকাপের ইতিহাসে এটি হবে স্পেনের দ্বিতীয় সেমিফাইনাল। ২০১০ সালে শিরোপা জয়ের পর এবারই প্রথম শেষ চারে জায়গা করে নিয়েছে দলটি। অন্যদিকে, ২০১৮ সালে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর এবং ২০২২ কাতার বিশ্বকাপে রানার্সআপ হওয়ার পর টানা তৃতীয়বারের মতো ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে ফ্রান্স।

স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তেও আত্মবিশ্বাসী। তিনি বলেন, “পরবর্তী ম্যাচ নিয়ে প্রত্যাশা অনেক বেশি। আমরা এই ম্যাচের দিকেই মনোযোগ দিচ্ছি এবং আমাদের প্রতিপক্ষের সামর্থ্য সম্পর্কে ভালোভাবেই জানি। তবে এটাও পরিষ্কার যে, আমরা ফ্রান্সকে হারাতে সক্ষম।”

তিনি আরও বলেন, “আমাদের মানসম্পন্ন খেলোয়াড় আছে এবং এটি আবারও একটি সেমিফাইনাল। এর আগে আমরা তাদের বিপক্ষে সেমিফাইনাল খেলেছি এবং সফল হয়েছি। ম্যাচটি খুব কঠিন হবে। এটি হবে শক্তি ও গতির লড়াই। আমাদের নিজেদের সেরা রূপে খেলতে হবে।”

বিশ্বকাপ শুরুর আগে ফ্রান্সের মতো স্পেনও ছিল অন্যতম ফেবারিট। তবে শেষ চারে উঠলেও এখন পর্যন্ত দলটি নিজেদের সেরা ছন্দ পুরোপুরি খুঁজে পায়নি।

স্পেনের বিশ্বকাপ অভিযান শুরু হয়েছিল কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে। এরপর সৌদি আরব ও উরুগুয়েকে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করে তারা। অস্ট্রিয়াকে সহজে হারালেও পর্তুগাল ও বেলজিয়ামের বিপক্ষে জয় পেতে শেষ মুহূর্তের গোলের ওপর নির্ভর করতে হয়েছে। দুটি ম্যাচেই আর্সেনালের মিডফিল্ডার মিকেল মেরিনো জয়সূচক গোল করেন।

হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ পর্বে দলে ফেরা ইয়ামাল মনে করেন, প্রতিপক্ষ দলগুলো স্পেনের বিপক্ষে অতিরিক্ত রক্ষণাত্মক কৌশল নেওয়ায় তাদের স্বাভাবিক খেলা খেলতে সমস্যা হচ্ছে।

তিনি বলেন, “দেখে মনে হতে পারে আমরা দারুণ খেলছি না, কিন্তু আমাদের বিপক্ষে প্রতিটি দলই রক্ষণাত্মকভাবে খেলে।”

তিনি আরও যোগ করেন, “কেউই আমাদের সঙ্গে সমানে সমান লড়াই করতে আসেনি। কিন্তু শেষ পর্যন্ত আজও আমরা জয় পেয়েছি। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।”

সেমিফাইনাল নিশ্চিত করার অনুভূতি জানিয়ে ইয়ামাল বলেন, “সেমিফাইনালে উঠতে পেরে আমরা খুব খুশি। আমরা অনেক দিন ধরে এখানে আছি এবং এখন ফাইনাল পর্যন্ত থাকতে চাই।”

উল্লেখ্য, বার্সেলোনার এই উইঙ্গারের বয়স আগামী সোমবার ১৯ বছর পূর্ণ হবে। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ছয় ম্যাচে একটি গোল করেছেন তিনি।

/এসএন