২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নেমে বিরল এক রেকর্ড গড়েছে স্পেন। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচে শুরুর একাদশে জায়গা পান দলের দুই তরুণ ফুটবলার লামিনে ইয়ামাল ও পাউ কুবারসি। এর মাধ্যমে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল বা পরবর্তী নকআউট পর্বে একাদশে দুই কিশোর (১৯ বছর বা তার কম বয়সী) খেলানোর ৬৮ বছরের পুরোনো ইতিহাসে নতুন অধ্যায় যোগ করেছে স্পেন।
ফুটবল পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টা জানিয়েছে, সর্বশেষ ১৯৫৮ সালের বিশ্বকাপে এমন ঘটনা দেখা গিয়েছিল। সে সময় ওয়েলসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল শুরুর একাদশে খেলিয়েছিল দুই তরুণ তারকা পেলে ও জোসে আলতাফিনিকে। দীর্ঘ প্রায় সাত দশক পর সেই বিরল নজিরের পুনরাবৃত্তি ঘটাল স্পেন।
বিশ্বকাপের মতো বড় মঞ্চে এত গুরুত্বপূর্ণ ম্যাচে দুই কিশোরকে শুরুর একাদশে রাখার সিদ্ধান্ত স্পেনের কোচিং স্টাফের সাহসিকতারই প্রমাণ বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। ইয়ামাল ও কুবারসির উপস্থিতি স্পেনের আক্রমণ ও রক্ষণ—উভয় বিভাগেই নতুন গতি ও প্রাণ সঞ্চার করেছে।
দীর্ঘ ৬৮ বছরের অপেক্ষার পর এই রেকর্ডের অংশ হয়ে ইয়ামাল ও কুবারসি দেখিয়ে দিলেন, বড় মঞ্চে বয়স কোনো বাধা নয়। এখন দেখার বিষয়, পেলে-আলতাফিনি জুটির মতো তারাও স্পেনকে বিশ্বকাপের শিরোপা জয়ে নেতৃত্ব দিতে পারেন কি না।
/এএসএফ