• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৪২ এএম


অভিষেক বিশ্বকাপেই হালান্ডের ইতিহাস, গোল্ডেন বুটের দৌড়ে মেসি-এমবাপ্পের পাশে

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৬ জুলাই ২০২৬ ৭:৫১ এএম

ফিফা বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে তৈরি হয়েছে এক বিরল ইতিহাস। একই সময়ে তিনজন সুপারস্টার সমান সংখ্যক গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে অবস্থান করছেন। লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে এবং আর্লিং হালান্ড—তিনজনেরই গোলসংখ্যা এখন ৭।

বিশ্বকাপের ইতিহাসে একই সময়ে তিন তারকার এভাবে সমান গোল নিয়ে গোল্ডেন বুটের দৌড়ে যৌথভাবে শীর্ষে থাকার ঘটনা নজিরবিহীন। ফলে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালে কে অন্যদের ছাড়িয়ে যাবেন, তা নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়ছে উত্তেজনা।

আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি নিজের অভিজ্ঞতা ও নিখুঁত ফিনিশিংয়ের মাধ্যমে দলকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। নকআউট পর্বেও গোল করে তিনি যেমন আর্জেন্টিনাকে এগিয়ে নিয়েছেন, তেমনি গোল্ডেন বুটের লড়াইয়েও নিজের অবস্থান ধরে রেখেছেন।

অন্যদিকে, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেও আগের বিশ্বকাপের ধারাবাহিকতা বজায় রেখে এবারও দুর্দান্ত ছন্দে রয়েছেন। সমান সাত গোল করে তিনিও রয়েছেন সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে।

এদিকে ব্রাজিলকে হারিয়ে শেষ আটে ওঠা নরওয়ের নায়ক আর্লিং হালান্ডও গোল্ডেন বুটের লড়াইয়ে উঠে এসেছেন সবার ওপরে। ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে নিজের গোলসংখ্যা সাতে নিয়ে গেছেন তিনি। ফলে মেসি ও এমবাপ্পের সঙ্গে যৌথভাবে শীর্ষস্থান দখল করেছেন নরওয়ের এই স্ট্রাইকার।

হালান্ডের জন্য এই অর্জন আরও বিশেষ। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলেই সাত গোল করার বিরল কীর্তি গড়েছেন তিনি। ১৯৭৪ সালের বিশ্বকাপে পোল্যান্ডের কিংবদন্তি স্ট্রাইকার গ্রেজেগোরজ লাতোর পর এই প্রথম কোনো ফুটবলার নিজের অভিষেক বিশ্বকাপেই সাত গোলের মাইলফলক স্পর্শ করলেন।

১৯৭৪ সালের সেই বিশ্বকাপে সাত গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন গ্রেজেগোরজ লাতো। দীর্ঘ ৫২ বছর পর তার সেই অনন্য কীর্তির পাশে নিজের নাম লিখিয়ে নতুন ইতিহাস গড়লেন নরওয়ের গোলমেশিন আর্লিং হালান্ড।

/এসএন