ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করার লক্ষ্যে নরওয়ের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ।
গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে একাদশে একটি পরিবর্তন আনতে বাধ্য হচ্ছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। কার্ডজনিত নিষেধাজ্ঞা কিংবা চোটের কারণে লুকাস পাকেতা দলে নেই। তার পরিবর্তে শুরুর একাদশে গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকে দেখা যেতে পারে। তবে অনুশীলনে দানিলো সান্তোসকেও একই ভূমিকায় পরীক্ষা করেছেন আনচেলত্তি।
এ ছাড়া দলের অন্য পজিশনগুলোতে বড় ধরনের কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন রাফিনিয়া। তবে পুরোপুরি ফিট হয়ে উঠলেও বার্সেলোনার এই তারকা ম্যাচের শুরু থেকেই মাঠে নামবেন—এমন সম্ভাবনা কম। তাকে বেঞ্চ থেকেই ম্যাচ শুরু করতে হতে পারে।
নরওয়ের বিপক্ষে ম্যাচটি ব্রাজিলের জন্য সহজ হবে না। কারণ আন্তর্জাতিক ফুটবলে এখনো নরওয়ের বিপক্ষে কোনো জয় পায়নি সেলেসাওরা। দুই দলের চারটি সাক্ষাতে দুটি ম্যাচ ড্র হয়েছে এবং বাকি দুটি ম্যাচে জয় পেয়েছে নরওয়ে।
দুই দলের লড়াইয়ের সবচেয়ে স্মরণীয় ফলটি আসে ১৯৯৮ সালের বিশ্বকাপে। সেবার গ্রুপ পর্বে ব্রাজিলকে ২–১ গোলে হারিয়ে দিয়েছিল স্ক্যান্ডিনেভিয়ান দলটি।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ:
অ্যালিসন বেকার (গোলরক্ষক), দানিলো, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালায়েস, ডগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গিমারায়েস, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি (অথবা দানিলো সান্তোস), রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র ও ম্যাথুউস কুনহা।
/এসএন