২০২৬ ফিফা বিশ্বকাপে অভিষেকেই আলোড়ন তোলা কেপ ভার্দে আবারও দেখাল দুর্দান্ত লড়াইয়ের মানসিকতা। তবে শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের নাটকীয় লড়াইয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরে বিশ্বকাপ অভিযান শেষ করতে হয়েছে আফ্রিকার দেশটিকে।
মায়ামিতে অনুষ্ঠিত রাউন্ড অব ৩২-এর এই রোমাঞ্চকর ম্যাচে নির্ধারিত ৯০ মিনিট শেষে ১-১ সমতা ছিল দুই দলের। পরে অতিরিক্ত সময়ে দুই দলই আরও গোল করে ম্যাচকে জমিয়ে তোলে।
আর্জেন্টিনার হয়ে গোল করেন অধিনায়ক লিওনেল মেসি ও ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস। অতিরিক্ত সময়ে মেসির নেওয়া কর্নার থেকে ক্রিস্তিয়ান রোমেরোর হেড কেপ ভার্দের খেলোয়াড় দিনেই বোর্হেসের হাতে লেগে জালে জড়িয়ে যায়। সেটি আত্মঘাতী গোল হিসেবে গণ্য হলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।
কেপ ভার্দের হয়ে গোল দুটি করেন ডেরয় দুয়ার্তে এবং সিডনি লোপেস কাবরাল। শেষ পর্যন্ত সমতায় ফেরার সর্বোচ্চ চেষ্টা করেও সফল হতে পারেনি তারা।
অভিষেক বিশ্বকাপেই স্পেনের মতো শক্তিশালী দলকে রুখে দেওয়া কেপ ভার্দে নকআউট পর্বেও নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। তবে শেষ পর্যন্ত মেসির নেতৃত্বে অভিজ্ঞ আর্জেন্টিনার সামনে থেমে যায় তাদের স্বপ্নযাত্রা।
এই জয়ের মধ্য দিয়ে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে।
/এএসএফ