২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরে বিদায় নিয়েছে কেপ ভার্দে। তবে ফলাফলের চেয়ে বেশি আলোচনায় এসেছে আফ্রিকার দেশটির দুর্দান্ত লড়াই। দুইবার পিছিয়ে পড়েও সমতায় ফেরা এবং ম্যাচকে অতিরিক্ত সময়ে নিয়ে যাওয়ায় নিজের খেলোয়াড়দের ভূয়সী প্রশংসা করেছেন কেপ ভার্দের প্রধান কোচ পেদ্রো লেইতাও ব্রিতো।
শনিবার ভোরে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আর্জেন্টিনাকে কঠিন পরীক্ষার মুখে ফেলে কেপ ভার্দে। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে আত্মঘাতী গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলেও এই পরাজয়কে ‘গৌরবের পরাজয়’ বলে অভিহিত করেছেন ব্রিতো।
ম্যাচ শেষে তিনি বলেন, “বর্তমান বিশ্বচ্যাম্পিয়নের বিপক্ষে এভাবে লড়াই করা, দুইবার সমতায় ফেরা এবং ম্যাচটিকে অতিরিক্ত সময়ে নিয়ে যাওয়া আমাদের দেশের জন্য সম্মানের। সবচেয়ে বড় কথা, এটা গৌরবের পরাজয়। আমি আমার খেলোয়াড়দের নিয়ে গর্বিত।”
শিষ্যদের পারফরম্যান্সের প্রশংসা করে তিনি আরও বলেন, “একটি দুর্দান্ত দলের বিপক্ষে পুরো ১২০ মিনিট ধরে ম্যাচে টিকে থাকাটা কেপ ভার্দের জন্য অত্যন্ত গর্বের। আমার মনে হয় না অন্য কোনো দল আর্জেন্টিনার বিপক্ষে দুটি গোল করে ম্যাচটিকে অতিরিক্ত সময়ে নিয়ে যেতে পারত। এই বিশ্বকাপে আমাদের লড়াইয়ের মানসিকতা ও চরিত্র দেশের মর্যাদা বাড়িয়েছে।”
তবে বিদায়ের হতাশাও লুকাননি কেপ ভার্দে কোচ। তিনি জানান, ড্রেসিংরুমে ছিল বিষণ্ন পরিবেশ।
“আমরা অবশ্যই দুঃখিত, কারণ প্রতিযোগিতা থেকে বিদায় নিচ্ছি। আমরা জয়ের খুব কাছাকাছি চলে এসেছিলাম। খেলোয়াড়রা একে অপরকে জড়িয়ে ধরছিল, কাঁদছিল। তবে এটাই আমাদের শেখাবে, এটাই ভবিষ্যতে আরও শক্তিশালী হতে সাহায্য করবে।”
বিশ্বকাপে নিজেদের প্রথম অংশগ্রহণেই নজর কেড়েছে কেপ ভার্দে। গ্রুপ পর্বে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে ড্র করে নকআউটে ওঠে দলটি। এরপর বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষেও দারুণ লড়াই করে ফুটবল বিশ্বে নিজেদের সামর্থ্যের প্রমাণ রেখে বিদায় নেয় আফ্রিকার দেশটি।
/এএসএফ