বিশ্ব ফুটবলে আর্জেন্টিনার সাফল্যকে ঘিরে দীর্ঘদিন ধরেই নানা বিতর্ক রয়েছে। বিশেষ করে রেফারি বা টুর্নামেন্ট আয়োজকদের কাছ থেকে দলটি বিশেষ সুবিধা পায়—এমন অভিযোগ প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন আলোচনায় উঠে আসে। এবার সেই বিতর্ক সরাসরি পৌঁছে যায় আর্জেন্টিনা দলের সংবাদ সম্মেলনে। আর তাতেই বিরক্তি প্রকাশ করেছেন বিশ্বচ্যাম্পিয়নদের প্রধান কোচ লিওনেল স্কালোনি।
কেপ ভার্দের বিপক্ষে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচের আগে মায়ামিতে আয়োজিত সংবাদ সম্মেলনে স্কালোনির কাছে জানতে চাওয়া হয়, ফিফা কি আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দিচ্ছে?
জবাবে তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে যে কেউ যা খুশি লিখতে বা বলতে পারে, আর সেগুলো খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। তাই এ ধরনের গুজবে খুব বেশি মনোযোগ দেওয়া উচিত নয়। এসব বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। কারণ দল জিতলেই অনেকেই এমন অভিযোগ তোলে।’
এ ধরনের আলোচনা এড়িয়ে চলার পরামর্শও দেন আর্জেন্টিনা কোচ। তার ভাষায়, ‘এর সবচেয়ে সহজ সমাধান হলো সামাজিক যোগাযোগমাধ্যম না দেখা। সোশ্যাল মিডিয়া পড়া বন্ধ করে দিন। তাহলে এসব বিষয় নিয়েও ভাবতে হবে না।’
স্কালোনি জোর দিয়ে বলেন, আর্জেন্টিনার বর্তমান সাফল্যের পেছনে কোনো বিশেষ সুবিধা নয়, বরং পুরো দলের কঠোর পরিশ্রমই মূল কারণ। তার মতে, লিওনেল মেসি থেকে শুরু করে দলের কিটম্যান মারিও দে স্তেফানো—সবার সম্মিলিত প্রচেষ্টার ফলেই আর্জেন্টিনা আজকের অবস্থানে পৌঁছেছে।
সম্প্রতি আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে লিওনেল মেসির একটি ফাউলের ঘটনায় রেফারি কোনো কার্ড না দেখানোকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক শুরু হয়। ওই ঘটনার পর আলজেরিয়া ফিফার কাছেও অভিযোগ জানায়। এরপর থেকেই আর্জেন্টিনাকে ‘বিশেষ সুবিধাপ্রাপ্ত’ দল হিসেবে আখ্যা দেওয়ার আলোচনা আরও জোরালো হয়।
এদিকে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ আজ বাংলাদেশ সময় ভোর ৪টায় চমক জাগানো কেপ ভার্দের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নকআউট পর্বে জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করাই এখন স্কালোনির শিষ্যদের লক্ষ্য।
সূত্র: এএফপি