২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার জয়ই প্রত্যাশা করছেন অধিকাংশ ফুটবলপ্রেমী। শক্তি, অভিজ্ঞতা এবং সাম্প্রতিক পারফরম্যান্স—সব দিক থেকেই এগিয়ে রয়েছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে এই ম্যাচ নিয়ে ভিন্ন সুর শোনা যাচ্ছে ঘানার এক ওঝা এবং দুই দেশের রাষ্ট্রপ্রধানের কণ্ঠে।
ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা আর্জেন্টিনা এবার বিশ্বকাপে টানা তিন ম্যাচ জিতে নকআউটে উঠেছে। দলের অধিনায়ক লিওনেল মেসিও রয়েছেন দুর্দান্ত ছন্দে। ছয় গোল করে তিনি বর্তমানে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় আছেন।
অন্যদিকে ফিফা র্যাঙ্কিংয়ে ৬৭তম স্থানে থাকা কেপ ভার্দে এবারই প্রথম বিশ্বকাপে অংশ নিয়ে রাউন্ড অব ৩২-এ জায়গা করে নিয়েছে।
তবুও ঘানার আলোচিত ওঝা নানা কোয়াকু বনসামের দাবি, এই ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে দেবে কেপ ভার্দে।
একই ধরনের আত্মবিশ্বাস দেখিয়েছেন কেপ ভার্দের প্রেসিডেন্ট জোসে মারিয়া নেভেস। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার মনে হয়, কেপ ভার্দে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে। আমরা জেতার জন্যই মাঠে নামব। যখন কোনো দলের ওপর প্রত্যাশা কম থাকে, কিন্তু জয়ের ক্ষুধা থাকে প্রবল, তখন অনেক কিছুই সম্ভব।’
আর্জেন্টিনার হার নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে ম্যানুয়েল রামোস-হোর্তাও। তার ভাষায়, ‘মেসি তার প্রথম হার দেখবে। আর্জেন্টিনার খেলোয়াড়রা কেপ ভার্দের ফুটবলারদের সঙ্গে পেরে উঠতে পারবে না।’
নিজের বক্তব্যের ব্যাখ্যায় তিনি বলেন, ‘কেপ ভার্দের মানুষের শারীরিক ও মানসিক শক্তি অসাধারণ। তাদের খাদ্যাভ্যাসও এর একটি বড় কারণ। তারা “কাচুপা” খায়, যা ভুট্টা, শিম, বিভিন্ন ধরনের মাংস এবং উচ্চ প্রোটিনসমৃদ্ধ উপাদানে তৈরি। কঠিন প্রকৃতির সঙ্গে লড়াই করে তারা অসাধারণ সহনশীলতা অর্জন করেছে।’
তিনি আরও বলেন, ‘কেপ ভার্দের ওপর কে আস্থা রেখেছিল? আমি রেখেছিলাম এবং এখনো রাখি। আমার মতে, কেপ ভার্দে ইতোমধ্যেই জিতে গেছে।’
আর্জেন্টিনা ও কেপ ভার্দের মধ্যকার রাউন্ড অব ৩২-এর ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৪ জুলাই বাংলাদেশ সময় ভোর ৪টায়। যুক্তরাষ্ট্রের মায়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের বিজয়ী দল জায়গা করে নেবে শেষ ষোলোয়।
সূত্র: বিবিসি
/এএসএফ