আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে আর্লিং হালান্ড ও মার্টিন ওডেগার্ডের নরওয়ে। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে এবার তাদের প্রতিপক্ষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
নকআউট পর্বের এই লড়াই নিশ্চিত হওয়ার পর থেকেই ফুটবলপ্রেমীদের নজর পড়েছে দুই দলের অতীত পরিসংখ্যানে। আর সেই পরিসংখ্যান ব্রাজিল সমর্থকদের জন্য মোটেও সুখকর নয়।
আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে নরওয়েই একমাত্র দল, যাদের বিপক্ষে কখনো জয়ের দেখা পায়নি ব্রাজিল। এখন পর্যন্ত দুই দল চারবার মুখোমুখি হয়েছে। এর মধ্যে দুটি ম্যাচ জিতেছে নরওয়ে এবং বাকি দুটি ড্র হয়েছে।
সবচেয়ে স্মরণীয় জয়টি আসে ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে। গ্রুপ পর্বের সেই ম্যাচে দুঙ্গা, রোনালদো ও বেবেতোর মতো তারকাসমৃদ্ধ ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে বড় চমক দেখিয়েছিল নরওয়ে।
তবে এই পরিসংখ্যান দেখে যদি আর্জেন্টিনা সমর্থকরা স্বস্তি পান, তাহলে তাদের জন্যও রয়েছে বিস্ময়ের তথ্য। ইতিহাস বলছে, ব্রাজিলের মতো আর্জেন্টিনাও কখনো নরওয়েকে হারাতে পারেনি।
বরং আর্জেন্টিনার রেকর্ড আরও হতাশাজনক। দুইবার মুখোমুখি হয়ে দুবারই পরাজিত হয়েছে আলবিসেলেস্তেরা। প্রথম হারটি আসে ১৯৮৬ সালে ডিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে, আর দ্বিতীয়টি ২০০৭ সালে, যখন লিওনেল মেসি জাতীয় দলের ক্যারিয়ারের শুরুতে ছিলেন।
নরওয়ে ছাড়াও আরও পাঁচটি দলের বিপক্ষে এখনো জয়হীন আর্জেন্টিনা। দলগুলো হলো—বেলারুশ, ক্যামেরুন, চীন, ডেনমার্ক এবং লিথুয়ানিয়া।
আগামী রবিবার (৫ জুলাই দিবাগত রাত) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। আর নিজেদের নিজ নিজ ম্যাচে জয় পেলে সম্ভাব্য সেমিফাইনালে মুখোমুখি হতে পারে নরওয়ে ও আর্জেন্টিনা। তখন আরেকটি ঐতিহাসিক দ্বৈরথ দেখার অপেক্ষায় থাকবে ফুটবল বিশ্ব।
/এএসএফ